বাংলাদেশে ফের এক হিন্দু ব্যক্তির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি জলাশয়ে ভাসতে দেখা যায় বড় একটি ড্রাম। সেটি জল থেকে পাড়ে তুলে খোলার পর ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ।
প্রথমে মৃতের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং যৌথ মালিকানায় একটি সোনার দোকান চালাতেন। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পর মৃতদেহটি বস্তাবন্দি করে ড্রামের মধ্যে ঢোকানো হয়েছিল। নিরঞ্জনের প্যান্টের পকেট থেকে ময়মনসিংহ হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একটি টোকেন উদ্ধার হয়। সেই সূত্র ধরেই সংশ্লিষ্ট এলাকায় খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। মৃতদেহ শনাক্ত করেন নিরঞ্জনের স্ত্রী সুমিতা রানি সূত্রধর এবং ছেলে জয় সূত্রধর।
পরিবারের দাবি, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিরঞ্জন। ২১ সেপ্টেম্বর তাঁকে স্টেডিয়াম এলাকায় দেখা গিয়েছিল। তার পরদিনই জলাশয় থেকে ড্রামের ভিতরে তাঁর দেহ উদ্ধার হয়। কে বা কারা তাঁকে খুন করল, কীভাবে দেহ ড্রামের মধ্যে ঢোকানো হল এবং পরে সেটি জলাশয়ে ফেলা হল—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিনও। বাংলাদেশে ফের এক সংখ্যালঘু হিন্দুর মৃত্যুর ঘটনায় নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘‘সব হিন্দুকে কি মেরে ফেলবে মুসলমানরা? সব হিন্দুর জমি দখল করে নেবে? তাদের টাকা পয়সা লুট করে নেবে? বাড়িঘর পুড়িয়ে দেবে?’’ একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর আগে হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী পর্বে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ ও উদ্বেগ সামনে এসেছিল। সেই সময় ভারত সরকারের তরফেও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারবার আহ্বান জানানো হয়েছিল।







