একসময় ভারতের ভবিষ্যৎ ব্যাটিং তারকা হিসেবে দেখা হতো তাঁকে। শচীনের সঙ্গে তুলনা, কাঁধে ভারতের ওপেনিংয়ের দায়িত্ব—সবই ছিল পৃথ্বী শ’র হাতে। কিন্তু আচরণ, ফিটনেস আর অনিয়মিত পারফরম্যান্সে নিম্নগামী হয় তাঁর কেরিয়ার। সেই ব্যর্থতার ছাপ মুছে ফেলার লড়াই এখন নতুন অধ্যায়ে। মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দেওয়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি।
রনজি মরশুমের আগে প্রস্তুতি ম্যাচে শুরুটা ছিল ধীর, কিন্তু সেটাই হয়ে উঠল আগুন ঝরানো ইনিংসের ভূমিকা। হাফসেঞ্চুরিতে ৮৪ বল, আর সেঞ্চুরি ১৪০ বলে—পুরনো আত্মবিশ্বাস যেন ফিরে এল ব্যাটে। আর্শিন কুলকার্নির সঙ্গে তাঁর ৩০৫ রানের জুটি মহারাষ্ট্রকে এগিয়ে দেয় অনেকটা। কিন্তু ইনিংসের মাঝপথেই উত্তেজনা ছড়ায় মাঠে। জানা গিয়েছে, মুম্বই ক্রিকেটারদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন পৃথ্বী, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়াররা।
এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—পুরনো দলের সঙ্গে সম্পর্কচ্ছেদের পেছনের কারণ কি আচরণই ছিল? মুম্বই থেকে বাদ পড়ার পর থেকেই তাঁকে ঘিরে নানা বিতর্ক। ওজন বৃদ্ধি, শৃঙ্খলার অভাব, এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব—সবই যেন ছায়া ফেলেছিল কেরিয়ারে।
তবু ব্যাট হাতে পৃথ্বীর এই প্রত্যাবর্তন অন্য গল্প বলছে। আত্মবিশ্বাসী ইনিংস, আগ্রাসী শটপ্লে, আর মাঠে তারুণ্যের ঝলক—সবই ইঙ্গিত দিচ্ছে নতুন শুরুর। এখন দেখার, এই ফর্ম রনজি ট্রফির দরজায় তাঁকে আবার জাতীয় নির্বাচকদের নজরে ফিরিয়ে আনতে পারে কি না।







