একটা সময় পর্যন্ত কেউই চিনতেন না তাঁকে। সাধারণ ছিমছাম চেহারা, কৃষক পরিবারের মেয়ে—ক্রিকেটার ভাবাই কঠিন। কিন্তু কলম্বোর মাটিতে পাকিস্তানের ব্যাটিংকে একা হাতে বিধ্বস্ত করে দিলেন ক্রান্তি গৌড়। ১০ ওভারে মাত্র ২০ রান খরচে ৩ উইকেট তুলে পাকিস্তানি ব্যাটারদের নিঃশ্বাস বন্ধ করে দেন এই ২২ বছরের মধ্যপ্রদেশ-কন্যা। পাওয়ারপ্লেতেই ফতিমা সানাদের দলকে বিপর্যস্ত করে দেন রেণুকা সিং ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে। নিখুঁত লাইন-লেংথ, বলের গতির সঙ্গে অফ দ্য উইকেট মুভমেন্ট—সব মিলিয়ে ভারতীয় পেস আক্রমণে এসেছে নতুন মাত্রা।
তবে ক্রান্তির উত্থান কোনো কাকতাল নয়। তাঁর প্রতিভা প্রথম আবিষ্কার করেন ভারতীয় পেস কিংবদন্তি ঝুলন গোস্বামী। ডব্লিউপিএলের সময় প্রতিভা অন্বেষণে থাকা ঝুলনের সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর পরামর্শেই ক্রান্তির দিকে নজর পড়ে ঝুলনের। যদিও প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে জায়গা হয়নি, তবু সেই পরিচয়ই হয়ে উঠেছিল মোড় ঘোরানো অধ্যায়।
গত মে মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকের পর থেকেই বদলে গেছেন ক্রান্তি। ফিটনেস, বাউন্স, রান-আপ—সব দিক থেকেই তিনি এখন এক পূর্ণাঙ্গ পেসার। ঝুলনের কথায়, “ক্রান্তির শক্তি শুধু গতি নয়, ওর মানসিক দৃঢ়তা। আজকের ক্রিকেটে এটিই আসল অস্ত্র।”
যে দলের কাছে একসময় বাংলার মেয়েরা হেরেছিল, সেই দলেরই মূল চালিকা শক্তি এখন ক্রান্তি। ভারতের পেস আক্রমণের এই ‘গৌড়-কবচ’ যদি এমনই ধার বজায় রাখে, তবে মহিলা বিশ্বকাপে ভারতীয় স্বপ্নপূরণের চাবিকাঠি হয়ে উঠবেন তিনিই।







