অনুপম জানা, পশ্চিম মেদিনীপুর: “নদী বাঁচলে আমরা বাঁচব, আমার নদী কেলেঘাই”—এই স্লোগানকে সামনে রেখে নদী দিবসে একাধিক কর্মসূচি পালন করল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পশ্চিম মেদিনীপুর শাখা। রবিবার সবং ও পটাশপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে নদী সংরক্ষণ এবং নদী-নির্ভর পরিবারগুলির সমস্যাগুলি তুলে ধরতে আয়োজিত হয় বর্ণাঢ্য বাইক র্যালি ও সচেতনতামূলক সভা।
কর্মসূচির মূল দাবি ছিল কেলেঘাই নদীর দ্রুত সংস্কার এবং নিয়মিত নদী খনন। আয়োজকদের বক্তব্য, নদীর নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় নদী সংক্রান্ত একাধিক সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রা ও জীবিকার উপর। বিশেষ করে মৎস্যজীবী পরিবারগুলি নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি সংগঠনের।
এদিনের কর্মসূচি থেকে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ এবং মৎস্যজীবী পরিবারগুলির নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়। পাশাপাশি নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করার বিষয়েও সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন মৃন্ময় মণ্ডল, ঝরনা আচার্য এবং মনোরঞ্জন পণ্ডিত-সহ আরও অনেকে। বক্তারা বলেন, নদী শুধু জলধারা নয়, বহু মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নদী-নির্ভর মানুষের স্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।







