রায়দিঘির সাতঘরা এলাকায় কালীপুজো উদ্বোধনে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পথে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তৃণমূলের মহিলা কর্মীরা ‘বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন’, ‘১০০ দিনের টাকা দিন’ লিখিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন। শুভেন্দু দাবি করেছেন, তাঁর উপর দু’বার প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে।
শুভেন্দু বলেন, “আমি রাজনীতি করতে আসিনি, ধর্ম পালনে এসেছি। তবুও হামলা করা হচ্ছে। এ রাজ্যে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাও নেই।” তিনি কালীপুজো উদ্বোধনের পর আরও ঘোষণা করেছেন, জগদ্ধাত্রী পুজোর পর দলীয় পতাকা নিয়ে এলাকায় ফিরবেন।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এ যেন বিরোধীদের উপর ধারাবাহিক সন্ত্রাসের নতুন অধ্যায়।” অন্যদিকে, তৃণমূলের দাবি, শুভেন্দু ইচ্ছে করেই বিভেদ ছড়াচ্ছেন। প্রশাসন পরিস্থিতি নজরে রাখছে।







