কলকাতাজেলা

বেলঘড়িয়ায় মাঝ রাতে শুট আউট, মৃত এক যুবক

বেলঘরিয়ায় ফের রক্ত ঝরল। রাতের অন্ধকারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল বছর ৩৫-এর যুবক রেহান খানকে। অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। নিহত যুবক তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। বেলঘরিয়ার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা রেহানকে নিশানা করে। গুলিবিদ্ধ অবস্থায় সারারাত রাস্তাতেই পড়েছিলেন তিনি। বুধবার সকালে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন। ব্যবসায়িক শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক প্রতিহিংসা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এক স্থানীয় বাসিন্দা জানান, “সকালে আমরা দেখি টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মাথার পিছনে একটা ফুটো ছিল। গুলি লেগেছে কিনা জানি না।”
তদন্তকারী এক পুলিশ আধিকারিক বলেন, “এখানে বসে গল্প করছিল ছেলেটি। একটা মদের বোতলও পাওয়া গিয়েছে। সম্ভবত মদ খাচ্ছিল। পরিবারের থেকে জানতে পেরেছি, ওরা প্রোমোটিংয়ের কাজ করত। রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারপর ভোর সাড়ে ৫টায় দেহ উদ্ধার হয়। ঘটনার সময় ওর সঙ্গে কে বা কারা ছিল, কারা এর পিছনে রয়েছে, সব খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.