রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের নানা দাবি-দাওয়া উঠে আসে। কেউ রাস্তা মেরামতির আবেদন জানান, কেউ পানীয় জলের দাবি করেন, আবার কেউ সরকারি পরিষেবার জন্য দরবার করেন। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এক ব্যক্তির আবদার শুনে কার্যত অবাক হয়ে গেলেন উপস্থিত সবাই! কোনও রাজনৈতিক দাবি নয়, একেবারে সোজাসুজি নতুন আইফোন চেয়ে বসলেন ওই ব্যক্তি। আর তারপর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াই এখন আলোচনায়।
সম্প্রতি শিলচরে নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি এগিয়ে এসে তাঁর কাছে আইফোন দেওয়ার আবদার করেন। এমন অপ্রত্যাশিত দাবি শুনে প্রথমে খানিকটা বিস্মিত হন হিমন্ত। এরপর মজার ছলেই প্রশ্ন করেন, পুরনো আইফোন চাই, নাকি একেবারে নতুন?
মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের পরেও নিজের দাবি থেকে পিছিয়ে আসেননি ওই ব্যক্তি। তিনি স্পষ্ট জানান, তাঁর নতুন আইফোনই চাই। পরিস্থিতি তখন বেশ মজার হয়ে ওঠে। ভিডিওতে হিমন্তকে হাত তুলতে দেখা যায়, যা দেখে মনে হতে পারে তিনি মজার ছলে ওই ব্যক্তিকে ধমক দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত হাসিমুখেই আইফোন দেওয়ার আশ্বাস দেন তিনি। জানান, ওই ব্যক্তি আইফোন পেয়ে যাবেন।
ভাইপোর জন্য আইফোন, ভাইরাল মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
ঘটনাটির ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে লেখেন, ‘Very clear priorities’। অর্থাৎ, ওই ব্যক্তির অগ্রাধিকার যে বেশ স্পষ্ট, তা মজার ছলেই বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের জন্য নয়, বরং তাঁর ভাইপোর জন্য নতুন আইফোন চেয়েছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ এমন সরাসরি আবদার দেখে মজা পেয়েছেন, আবার কারও কৌতূহল—শেষ পর্যন্ত সত্যিই কি নতুন আইফোন পেলেন ওই ব্যক্তি?
তবে আইফোন দেওয়ার আশ্বাসের পর সেটি বাস্তবে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য সামনে আসেনি। আপাতত নির্বাচনী প্রচারের মাঝে মুখ্যমন্ত্রীর কাছে এমন ব্যতিক্রমী আবদার এবং তাঁর মজার প্রতিক্রিয়াই নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।






