মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরনের বাড়ি থেকে আচমকাই আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিধায়ককে।
সূত্রের খবর, তাঁর দুই হাতের কনুইয়ের নীচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নীচের অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর তাঁকে সরকারি মেডিক্যাল কলেজে রেফার করা হলেও বর্তমানে নিজের নার্সিংহোমেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে বার্ন ইউনিট না থাকায় আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছে।
জঙ্গিপুরের পুলিশ সুপার সুরিন্দর সিং জানিয়েছেন, বর্তমানে বাইরন বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর কথায়, “সুপারফিশিয়াল ইনজুরি হয়েছে। খুব গভীর ক্ষত বা বেশি পুড়ে যাননি।”
এদিকে, প্রাথমিক তদন্তে ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় বলেই পুলিশের অনুমান। বাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তির জেরেই আগুন লাগার সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।







