বিনোদন

“সব মিশে গেলে অভিনবত্ব হারায়: আধুনিক সঙ্গীতে আগ্রহ নেই অজয় চক্রবর্তীর”

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী অজয় চক্রবর্তী সাম্প্রতিক এক অনুষ্ঠানে আধুনিক সঙ্গীতের ধারা, সমাজমাধ্যমের ভূমিকা এবং ‘ভাইরাল’ সংস্কৃতি নিয়ে তাঁর স্পষ্ট মতামত প্রকাশ করলেন। দীর্ঘদিন ধরে ভারতীয় রাগসঙ্গীতের ধারক ও বাহক হিসেবে পরিচিত অজয়বাবু জানালেন, বর্তমান সময়ে শাস্ত্রীয় সঙ্গীতকে সবধরনের জনপ্রিয় গানের সঙ্গে মেশানোর প্রবণতা তাঁকে ব্যথিত করে। তাঁর কথায়, “আমি এখন গান করি না। কারণ আমার মনে হয়, শাস্ত্রীয় সঙ্গীতকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলে তার নিজস্বতা ও অভিনবত্ব বোঝানো কঠিন হয়ে যায়। তাই যে পথে সবাই হাঁটে, সেই পথে আমার যাওয়ার প্রয়োজন নেই।” যদিও তাঁর দাবি, অন্য কোনও সংগীতধারাকে তিনি অসম্মান করেন না—“আমার অন্য গানের প্রতিও সমান শ্রদ্ধা রয়েছে,” যোগ করলেন তিনি।

বর্তমান প্রজন্মের গানবাজনা, বিশেষত সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে ওঠা গান নিয়ে প্রশ্ন উঠতেই অজয় চক্রবর্তী উদাহরণ হিসেবে আনলেন রানু মণ্ডল কিংবা ‘কাঁচা বাদাম’-এর মতো ঘটনাকে। তাঁর মতে, আজকের দিনে মানুষের অর্ধেক সময়ই কেটে যায় ফোনের পর্দায়, আর সেখানে যা দ্রুত ছড়িয়ে পড়ে সেটাই ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তবে এই জনপ্রিয়তার ধারা কোথাও গিয়ে সঙ্গীতের গভীরতা ও অনুশীলনকে ছাপিয়ে যাচ্ছে কিনা—তা নিয়েই উদ্বেগ ব্যক্ত করলেন শিল্পী।

রাগসঙ্গীতের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্মরণ করলেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো কিংবদন্তিদের। অজয়বাবুর দাবি, “লতা-আশা কেউই আজ যা হয়েছেন, রাগসঙ্গীত না থাকলে তা সম্ভব হত না। তাঁরা নিজেরাই বহুবার বলেছেন যে তাঁরা রাগসঙ্গীতের কাছে ঋণী।” স্মৃতিচারণায় তিনি আরও জানালেন, লতা মঙ্গেশকর তাঁকে একবার বলেছিলেন—কন্যা কৌশিকীকে কীভাবে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, তা আবার এসে সরেজমিনে দেখতে চান।

সমাজমাধ্যমের ‘ভাইরাল’ গান প্রসঙ্গে শিল্পীর শেষ মন্তব্যটি ছিল আরও স্পষ্ট—“কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়—যে যেটা ভালবাসে সেটাই করবে। শেষ পর্যন্ত সবকিছুই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.