দেশ

জ্ঞানেশের ইস্তফা ও এসআইআর বাতিলের দাবিতে বেঙ্গালুরুতে ‘ককরোচ’দের বিক্ষোভ, মঞ্চে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে এবার বেঙ্গালুরুতে পথে নামল ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে তাঁদের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ুন’, ‘এসআইআর বাতিল করতে হবে’—এমন একাধিক স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। এই কর্মসূচিতে জার্মানি থেকে এসে যোগ দেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। উপস্থিত ছিলেন অভিনেতা প্রকাশ রাজও।

ককরোচ জনতা পার্টির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পিপলস ট্রাইব্যুনাল’। দলের দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যাঁদের নাম ‘অন্যায়ভাবে’ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের হয়ে কথা বলতেই এই মঞ্চের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই ফ্রিডম পার্কে জমায়েত শুরু করেন বহু মানুষ। দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছন সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। তাঁদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় ধ্রুব রাঠি এবং প্রকাশ রাজকেও। সেখান থেকেই তাঁরা এসআইআর বাতিলের দাবি তোলেন। পরে ‘ভোট চোর’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা বিক্ষোভস্থল।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেন, এসআইআর-এর মাধ্যমে নির্বাচন কমিশন গোটা দেশকে অপমান করেছে। তাঁর বক্তব্য, এতদিন দেশের মানুষই ঠিক করতেন কারা সরকার গঠন করবেন। কিন্তু এসআইআর-এর মাধ্যমে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কারা ভোট দিতে পারবেন, সেটাই সরকার ঠিক করছে।

এসআইআর বাতিলের পক্ষে সওয়াল করে প্রকাশ আরও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য শুধু জ্ঞানেশ কুমারের অপসারণ নয়। মূল দাবি হল এসআইআর প্রক্রিয়া প্রত্যাহার করা। কারণ, জ্ঞানেশ কুমার পদ ছাড়লেও তাঁর জায়গায় অন্য কেউ দায়িত্ব নেবেন। তাই শুধু একজনকে সরিয়ে সমস্যার সমাধান হবে না বলেই দাবি করেন তিনি।

অন্যদিকে, এই কর্মসূচিতে অংশ নিতে বিশেষভাবে জার্মানি থেকে ভারতে এসেছেন ধ্রুব রাঠি। আন্দোলনকে তিনি ‘গণতন্ত্র রক্ষার লড়াই’ বলে ব্যাখ্যা করেন। ধ্রুবের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এই বিষয়ে কমিশনকে জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে ধ্রুব স্পষ্ট করে দেন, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে তিনি এই আন্দোলনে যোগ দেননি।

উল্লেখ্য, গত সপ্তাহেই মুম্বইয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল ‘ককরোচ’রা। সেই কর্মসূচিতেও ছাত্র, যুবক-যুবতী এবং মহিলাদের পাশাপাশি বহু মানুষ অংশ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.