খেলাধুলা

মেসির বিদায় ম্যাচেও সৌজন্যের অভাব! আর্জেন্তিনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বেনিন কোচ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ের মুহূর্তেও সৌজন্যের অভাবের অভিযোগ উঠল আর্জেন্তিনার বিরুদ্ধে। মঙ্গলবার বুয়েনস আইরেসে প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিদায় স্মরণীয় করে রাখেন ৩৯ বছরের মেসি।

তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, খেলা শেষে বেনিনের ফুটবলারদের সঙ্গে ছবি তোলা তো দূরের কথা, প্রথা মেনে জার্সি বদলের সুযোগও দেয়নি আর্জেন্তিনা। বিশ্বচ্যাম্পিয়নদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিনের কোচ গার্নট রোর। তাঁর দাবি, প্রতিপক্ষ হিসেবে তাঁদের ন্যূনতম সম্মানটুকু প্রাপ্য ছিল।

আন্তর্জাতিক ফুটবলে ম্যাচের শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বদল কিংবা একসঙ্গে ছবি তোলার রীতি বহু পুরনো। কিন্তু আর্জেন্তিনা-বেনিন ম্যাচের পর দেখা যায়নি সেই পরিচিত দৃশ্য। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে রোর জানান, তাঁর দলের ফুটবলাররা একাধিকবার চেষ্টা করেও আর্জেন্তিনার খেলোয়াড়দের কাছে পৌঁছতে পারেননি।

রোরের অভিযোগ, আর্জেন্তিনার ফুটবলাররা তাঁদের দলের কাউকেই জার্সি দেননি। এমনকি মেসির সঙ্গে একটি ছবি তোলার সুযোগও মেলেনি বেনিনের খেলোয়াড়দের। আফ্রিকার দলটির কাছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে খেলা নিঃসন্দেহে বড় অভিজ্ঞতা হলেও, ম্যাচ শেষে অন্তত কিছুটা সৌজন্য প্রত্যাশা করেছিলেন তাঁরা।

বেনিন কোচের দাবি, তাঁর দলের খেলোয়াড়রা নিজেদের জার্সি হাতে নিয়ে অপেক্ষা করছিলেন আর্জেন্তিনার ফুটবলারদের সঙ্গে তা বদল করার জন্য। কিন্তু সেই সুযোগও মেলেনি। এমনকি আর্জেন্তিনার ফুটবলারদের করিডরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ রোরের। নিরাপত্তারক্ষীরা তাঁদের সেখান থেকেই ফিরিয়ে দেন।

মেসিকে কাছ থেকে দেখার জন্য বেনিনের ফুটবলারদের মধ্যেও যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু আর্জেন্তিনা শিবিরের কড়া নিরাপত্তা ও বিধিনিষেধের কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি। রোর নিজেও ম্যাচের পর প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেছিলেন। তাঁর কাছে মেসির পুরনো একটি ম্যাচ-জার্সি ছিল। শেষ পর্যন্ত সেই জার্সিতে সই করেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।

২০২২ সালের বিশ্বকাপজয়ী এবং দু’বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আন্তর্জাতিক কেরিয়ারের বিদায়ের ম্যাচ ঘিরে এমন বিতর্ক নিঃসন্দেহে আর্জেন্তিনা শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। ফুটবলমহলের একাংশও বিশ্বচ্যাম্পিয়নদের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে।

এই বিতর্ক নিয়ে দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া চাওয়া হলেও তারা কোনও মন্তব্য করেনি। ফলে ফুটবলের সৌজন্যবোধ ও স্পিরিট নিয়ে তৈরি হওয়া বিতর্ক আরও জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.