কলকাতা

ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, হুমকি-মেল ঘিরে জোর তল্লাশি

ফের বোমা রাখার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার দুপুরে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে দাবি করে একটি হুমকি-মেল আসে বলে বিমানবন্দর সূত্রে খবর। মেলটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। বিমানবন্দরের বিভিন্ন অংশে শুরু হয় ব্যাপক তল্লাশি।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দর চত্বরে একাধিক জায়গায় চিরুণি তল্লাশি চালানো হচ্ছে। কোথাও কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি। তল্লাশি অভিযান অবশ্য অব্যাহত রয়েছে।

হুমকি-মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তারও তদন্ত শুরু হয়েছে। মেলের উৎস এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজখবর শুরু করেছে। একই সঙ্গে বিমানবন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিমানবন্দরে বোমা থাকার হুমকি অবশ্য এই প্রথম নয়। বছর দুয়েক আগে দেশের বিভিন্ন বিমানবন্দরে পরপর একই ধরনের হুমকি-মেল আসতে শুরু করেছিল। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালালেও শেষ পর্যন্ত কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পরে সেগুলির অধিকাংশই ভুয়ো হুমকি বলে জানা যায়।

পরপর এই ধরনের ঘটনায় দেশের বিমান পরিষেবা ব্যবস্থায় উদ্বেগ তৈরি হয়েছিল। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রভাব পড়েছিল বিমান চলাচলেও। পরিস্থিতি মোকাবিলায় ভুয়ো বোমা-হুমকির ঘটনা ঠেকাতে কড়া পদক্ষেপের কথাও ভাবতে শুরু করেছিল কেন্দ্র।

কলকাতা বিমানবন্দরেও অতীতে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে একই দিনে দমদম বিমানবন্দরে জোড়া বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছিল। একটি ঘটনায় ইন্ডিগোর একটি বিমানের শৌচালয়ে লিপস্টিক দিয়ে বোমা সংক্রান্ত হুমকি লেখা হয়েছিল। অন্য একটি বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল একটি চিরকুট, যেখানে বিমানে বোমা থাকার কথা উল্লেখ করা হয়েছিল।

ওই ঘটনাগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। পরে নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তদন্তের পর দুই ক্ষেত্রেই হুমকির তথ্য ভুয়ো বলে জানা যায়।

এবারও বৃহস্পতিবার দুপুরে হুমকি-মেল পাওয়ার পর দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেলটির উৎস এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দর চত্বরে তল্লাশি চললেও কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.