কলকাতা হাই কোর্টের ছাদে দুর্গাপুজো আয়োজনের অনুমতি চেয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তবে মামলাটি জনস্বার্থের আওতায় পড়ে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের আবেদনকে সরাসরি জনস্বার্থ মামলা বলা যায় না। এটি কোনও নির্দিষ্ট শ্রেণির স্বার্থসংশ্লিষ্ট বিষয় হতে পারে। হাই কোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থ কিংবা প্রচারের উদ্দেশ্য থাকার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শুনানির সময় হাই কোর্টের ছাদে ধর্মীয় প্রার্থনার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ। প্রধান বিচারপতি জানতে চান, হাই কোর্টের ছাদে নামাজ পড়ার কোনও অনুমতি রয়েছে কি না। সেখানে কোনও ধর্মীয় সম্প্রদায়ের প্রার্থনা হয় কি না, সেই প্রশ্নও ওঠে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য হাই কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১২ অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
মামলাকারী আইনজীবী সঞ্জয় ঘোষের বক্তব্য, সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতার নীতি মেনে সব ধর্মের মানুষেরই ধর্মাচরণের সমান অধিকার রয়েছে। তিনি নিজেকে সনাতন হিন্দু হিসেবে উল্লেখ করে দাবি করেন, কলকাতা হাই কোর্টে সেই নীতি যথাযথভাবে মানা হচ্ছে না।
মামলাকারীর অভিযোগ, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে প্রতি শুক্রবার হাই কোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। সেই যুক্তিতে সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি মেনে হাই কোর্টের ছাদে ভারতমাতার মন্দির নির্মাণ এবং দুর্গাপুজোর অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
এই বিষয়ে রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল বলেও আদালতে জানান মামলাকারী। তাঁর দাবি, সেই আবেদনে কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতেই এবার হাই কোর্টের রেজিস্ট্রারকে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল বেঞ্চ।







