বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এই টুর্নামেন্টের সঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় নামার সাহস সাধারণত কোনও ক্রিকেট বোর্ড দেখায় না। তবে এবার সেই পথেই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের সূচি অনুযায়ী মার্চ থেকে মে মাসের মধ্যেই হবে গোটা টুর্নামেন্ট। অর্থাৎ, ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল একই সময়ে চলার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয় পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। আটটি ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে সেখানে আগামী মরশুমের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৮ মার্চ শুরু হবে পিএসএলের ১২তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মে।
গত মরশুমে আটটি দলকে নিয়েই আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। পুরনো ড্রাফট পদ্ধতির বদলে সেখানে চালু হয়েছিল নিলাম ব্যবস্থা। আগামী মরশুমেও আট দলের ফরম্যাট বজায় রাখছে পিসিবি। প্রতিযোগিতায় অংশ নেবে হায়দরাবাদ কিংসপেন, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং রাওয়ালপিন্ডি।
সূচি নির্ধারিত হওয়ার পর এবার দল সাজানোর প্রস্তুতি শুরু করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সরাসরি চুক্তি, রিটেনশন তালিকা প্রকাশ এবং ট্রেড উইন্ডোর পর হবে নিলাম। গত মরশুমের ফাইনালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ৩২,৪৬১ দর্শকের সামনে হায়দরাবাদ কিংসপেনকে হারিয়ে দীর্ঘ ন’বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেশোয়ার জালমি। সেই সাফল্যের পর এবার পিএসএলকে আরও আকর্ষণীয় করে তুলতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিএসএলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বোর্ড চেয়ারম্যান মহসিন নকভিও। এক প্রেস বিবৃতিতে তিনি জানান, পিএসএল ১১ গোটা বিশ্বের সামনে এই লিগের সক্ষমতা তুলে ধরেছে। দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। মাঠে দর্শক উপস্থিতি এবং সম্প্রচারে একাধিক রেকর্ড তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর আশা, পিএসএলের ১২তম সংস্করণ প্রতিযোগিতার মান আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আটটি দলের মধ্যে জমজমাট ট্রফির লড়াই দেখা যাবে।
তবে ২০২৭ সালের পিএসএলের সময়সূচি প্রকাশ্যে আসতেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে আইপিএলের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যেই ভারতের কোটিপতি ক্রিকেট লিগ আয়োজন করে বিসিসিআই। ফলে দুই প্রতিযোগিতা একই সময়ে চললে বিদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে দুই দেশের ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিযোগিতা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক দিক থেকে আইপিএলের তুলনায় পিএসএল এখনও অনেক পিছিয়ে। ফলে বিশ্বের প্রথম সারির বিদেশি ক্রিকেটারদের বড় অংশই আইপিএলকে অগ্রাধিকার দিতে পারেন। সেক্ষেত্রে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে তুলনামূলকভাবে কম পরিচিত বিদেশি ক্রিকেটারদের নিয়েই দল গড়তে হতে পারে। একইসঙ্গে দুই লিগ পাশাপাশি চললে আন্তর্জাতিক দর্শক এবং সম্প্রচার বাজারও ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারপরও সেই সম্ভাব্য সংঘাত থেকে পিছিয়ে আসতে চাইছে না পিসিবি। বরং আইপিএলের সঙ্গে সরাসরি একই সময়ে মাঠে নেমে পিএসএলের জনপ্রিয়তা ও বাজারদর কতটা, সেটাই যাচাই করে নিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।







