দেশ

এসআইআর-বিরোধী সভায় অনুমতি নেই, যন্তর মন্তরে কড়া নিরাপত্তা দিল্লিতে , বন্ধ ৫৭ টি মেট্রো স্টেশন

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব ‘ককরোচ জনতা পার্টি’। তবে আগামী শনিবার দিল্লির যন্তর মন্তরে তাদের প্রস্তাবিত প্রতিবাদ সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করার কারণ দেখিয়ে কর্মসূচির ছাড়পত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে কোনও অনভিপ্রেত পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে সেন্ট্রাল দিল্লির দিকে যাতায়াতকারী বিভিন্ন রুটের অন্তত ৫৭টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার নুপূর প্রসাদ জানিয়েছেন, ‘ককরোচ জনতা পার্টি’র নেতা সৌরভ দাস গত বুধবার বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু পুলিশের নিয়ম অনুযায়ী, স্পর্শকাতর এলাকায় কোনও সভা, মিছিল বা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে হলে অন্তত ১০ দিন আগে আবেদন জানানো বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় শনিবারের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

পুলিশ কমিশনার আরও দাবি করেন, এর আগেও একাধিক কর্মসূচিতে সংগঠনটি নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা যথাযথভাবে পালন করেনি। সেই বিষয়টি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই শনিবার যন্তর মন্তরে জমায়েত করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে যন্তর মন্তর-সহ সেন্ট্রাল দিল্লির বিস্তীর্ণ এলাকায় ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মোতায়েন করা হয়েছে ২৬ হাজারেরও বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং দিল্লির দাঙ্গার সময়ের পর রাজধানীতে এটিই অন্যতম বৃহৎ পুলিশ ও আধা-সেনা মোতায়েন বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং সিআইএসএফ-এর আরও অন্তত ১১০টি অতিরিক্ত কোম্পানি দিল্লিতে পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং ছত্তীসগঢ় থেকে আসা এই বাহিনী রাজধানীতে আগে থেকেই মোতায়েন থাকা ১১১টি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে ২২১টি সিএপিএফ কোম্পানি দিল্লির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.