দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ফের ছাত্র সংসদ নির্বাচন চালুর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-এর ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল আমলে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা ছাত্র ভোট ফেরানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
সম্মেলনের মঞ্চ থেকে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা হয়েছে। নিজের ছাত্র রাজনীতির দিনগুলির কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রজীবনে ক্লাসের ফাঁকে বন্ধুদের সামনে বক্তব্য রাখতে রাখতেই তাঁর রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়েছিল।
এর পরেই এবিভিপি নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে আগামী বছর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচন চালু হলে রাজ্যের ক্যাম্পাসগুলিতে জাতীয়তাবাদী ভাবধারা আরও জোরালো হবে এবং ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হবে শিক্ষাঙ্গন।
এ দিনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। ‘সেন্টার অফ এক্সেলেন্স’ হিসেবে যাদবপুরের গুরুত্ব তুলে ধরে তাঁর দাবি, কেন্দ্রের মোদী সরকার বিশ্ববিদ্যালয়টিকে এক হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। অথচ সেই ক্যাম্পাসেই ‘আজাদি’ কিংবা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো স্লোগান ওঠে বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ইতিহাসের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও মৃত্যুর কথা সকলের মনে রাখা উচিত। তাঁর দাবি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে শুভেন্দু জানান, শিক্ষাঙ্গন-সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী শক্তি, কমিউনিস্ট এবং ‘দিমাগি নকশাল’দের চিহ্নিত করে রাজনৈতিক ভাবে পরাস্ত করাই তাঁর অন্যতম লক্ষ্য।







