ভিয়েতনাম যুদ্ধের সময় যে বিমানঘাঁটি ব্যবহার করত আমেরিকার গুপ্তচর সংস্থা CIA, এ বার সেখানেই সামরিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করল চিন ও লাওস। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের বান কিউন বিমানঘাঁটিতে গত ২৯ সেপ্টেম্বর ‘চিন-লাওস ফ্রেন্ডশিপ অ্যাভিয়েশন অ্যাকাডেমি’ চালু হয়েছে বলে জানা গিয়েছে।
লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটি একসময় CIA-র নথিতে ‘লিমা সাইট ৪৪’ নামে পরিচিত ছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় এখান থেকে নজরদারি ও গোপন অভিযান চালানোর পাশাপাশি মার্কিন বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহ করা হত বলে জানা যায়।
চিনের প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, নতুন প্রশিক্ষণ কেন্দ্রে ইতিমধ্যেই চিনে তৈরি আটটি কে-৮ প্রশিক্ষণ বিমান মোতায়েন করা হয়েছে।
জিবুতিতে সামরিক ঘাঁটি এবং কম্বোডিয়ায় সামরিক উপস্থিতির পর লাওসে চিনের এই নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, ভবিষ্যতে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা বাড়লে এই অঞ্চলের সামরিক ঘাঁটি ও রসদ সরবরাহের পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে লাওসে প্রশিক্ষণ কেন্দ্র চালুর পিছনে বেজিংয়ের নির্দিষ্ট সামরিক কৌশল কী, তা এখনও স্পষ্ট নয়।







