দেশ

দিল্লিতে আটক অভিজিৎ, আন্দোলনের মাঝেই ঠাকুমার মৃত্যুতে পরিবারে শোক

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা অভিজিৎ দীপকেকে। দিল্লিতে নামার আগেই বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। এরই মধ্যে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আন্দোলনে যোগ দিতে দীপকে যখন দিল্লিতে পৌঁছেছেন, ঠিক সেই সময়ই তাঁর ঠাকুমার মৃত্যু হয়েছে।

শনিবার প্রয়াত হয়েছেন অভিজিৎ দীপকের ঠাকুমা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। হিংগোলির সন্তুক পিম্পরি গ্রামের পৈতৃক বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। ওই বাড়িতেই থাকতেন দীপকের ঠাকুমা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়সজনিত কারণে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে।

এই মুহূর্তে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন অভিজিৎ দীপকের বাবা ভগবান দীপকে ও মা অনিতা। তাঁদের বাড়ির আশপাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। তবে ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা দ্রুত হিংগোলির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচিতেই যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিজিৎ দীপকে। আটক করার পর তাঁকে একটি থানায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেলেও, ঠিক কোন থানায় তাঁকে রাখা হয়েছে, তা এখনও জানায়নি পুলিশ। একইসঙ্গে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর তাঁর কাছে পৌঁছেছে কি না, সেটিও এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.