সুইডেনে গবেষণা করতে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্য মৃত্যু। মৃত ছাত্রী দুর্গাপুরের বাসিন্দা। মৃত ছাত্রীর নাম রোশনি দাস। সুইডেনের একটি বিশ্ব বিদ্যালয়ে গবেষণার কাজে গিয়েছিলেন।
পরিবার সূত্রে খবর, রোশনি ছোটো থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। দুর্গাপুরে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। বর্তমানে তিনি সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন।
বছর ৩২ এর রোশনি দাস ২৯ই সেপ্টেম্বর শেষ বারের মত বাড়ির লোকের সাথে কথা বলেছিলেন। এরপর গত ১৩ই অক্টোবর হঠাৎই তাদের কাছে রোশনি দাসের মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে সেই খবর আসার পর রোশনি দাসের পরিবারের লোকেদের জানায় পুলিশ।
রোশনির পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক তদন্ত করার আবেদনও জানানোর কথা জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার। খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে পুলিশ সূত্রে খবর।







