দেশ

যন্তর মন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা, ফের পুলিশের হাতে আটক ‘ককরোচ’ জনতা পার্টির নেতারা

সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রতিবাদ কর্মসূচির জন্য আর যন্তর মন্তর ব্যবহার করা যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ হুঁশিয়ারি দিয়েছেন, যন্তর মন্তরে প্রতিবাদ বন্ধ করা হলে গোটা দেশকেই প্রতিবাদের মঞ্চে পরিণত করা হবে। এর পরদিনই দিল্লি পুলিশের নির্দেশ অমান্য করে যন্তর মন্তরে হাজির হন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। সেখানে পৌঁছতেই ফের তাঁদের আটক করে পুলিশ।

সোমবার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। দলের দাবি ছিল, এই সময়ের মধ্যে নতুন প্রতিবাদস্থল এবং কর্মসূচির দিনক্ষণ জানাতে হবে। অন্যথায় বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। পালটা দিল্লি পুলিশের তরফে জানানো হয়, যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। পরিবর্তে তিনটি বিকল্প জায়গার কথা জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রামলালা ময়দান। তবে সূত্রের খবর, সেখানে প্রতিবাদ কর্মসূচির জন্য জায়গা বুক করতে প্রায় ১ লক্ষ ২১ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি চলতি বছরের জন্য ওই ময়দানের বুকিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে ককরোচ জনতা পার্টির মধ্যে। নিটের প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যন্তর মন্তর থেকেই নিজেদের আন্দোলন শুরু করেছিলেন দলের সদস্যরা। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, যন্তর মন্তরে প্রতিবাদ করতে বাধা দেওয়া হলে দেশের বিভিন্ন প্রান্তই যন্তর মন্তরের মতো প্রতিবাদস্থলে পরিণত হবে।

এই হুঁশিয়ারির পরদিন মঙ্গলবার ভোরেই যন্তর মন্তরে পৌঁছে যান সিজেপি নেতৃত্ব। অভিজিতের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, লোহার গেট এবং পুলিশের ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা।

হাতে জাতীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে দিতে ব্যারিকেড পেরিয়ে ভিতরে প্রবেশ করেন দলের নেতারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে পুলিশ। আপাতত দলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলেও সূত্রের খবর।

মঙ্গলবার সকালেই ককরোচ জনতা পার্টির এই অভিযানের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। দলের নেতারা আটক হলেও আন্দোলন থেকে পিছু হটার কোনও ইঙ্গিত দেননি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তাঁর হুঁশিয়ারি, প্রতিবাদের কণ্ঠস্বর কোনওভাবেই থামাতে পারবেন না প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.