বাংলায় পুজোর আবহ। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে আনন্দ করতে পারেন, তা নিশ্চিত করতে বাড়তি তৎপর থাকে পুলিশ। একইসঙ্গে অপরাধমূলক কাজকর্ম রুখতেও চলে লাগাতার নজরদারি। সেই দায়িত্ব পালনে সক্রিয় বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (STF)-ও। পুজোর আমেজের মধ্যেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল বেঙ্গল STF। নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন গোয়েন্দারা। যদিও অভিযানের আগেই পালিয়ে যায় অভিযুক্ত।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল আয়ুবনগরের ওই বাড়িতে হানা দেয় STF। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি বন্দুক, বিভিন্ন ক্যালিবারের অব্যবহৃত ও ব্যবহৃত কার্তুজ। পাশাপাশি অস্ত্র তৈরিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সামগ্রীর ভিত্তিতে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলত বলে প্রাথমিকভাবে অনুমান STF-এর।
তবে অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও তার পরিচয় তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে। ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশি শুরু হয়েছে। একইসঙ্গে এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, কয়েক মাস আগেই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তার উপর আগামী নভেম্বরের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচন। এমন পরিস্থিতিতে শহরের বুকে বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। কী উদ্দেশ্যে এই অস্ত্রগুলি তৈরি করা হচ্ছিল? কার কাছেই বা সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন STF-এর আধিকারিকরা। তদন্ত যত এগোবে, এই অস্ত্র কারবার নিয়ে আরও কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কি না, এখন সেটাই দেখার।







