১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল Royal Challengers Bengaluru। কিন্তু সেই ঐতিহাসিক সাফল্যের আনন্দ ম্লান হয়ে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়। বিজয় উদযাপনের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। দায় নির্ধারণ নিয়ে শুরু হয়েছিল প্রশাসন ও আয়োজকদের মধ্যে চাপানউতোর।
সেই বেদনাদায়ক স্মৃতি নিয়েই নতুন মরশুমে নামতে চলেছে আরসিবি। আর এবারের Indian Premier League-এ বেঙ্গালুরুতে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় বদল আনছে কর্নাটক সরকার। প্রযুক্তির সহায়তায় দর্শক নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
আগামী ২৮ মার্চ, গতবারের চ্যাম্পিয়ন আরসিবি মুখোমুখি হবে Sunrisers Hyderabad-এর। ম্যাচটি অনুষ্ঠিত হবে M. Chinnaswamy Stadium-এ। প্রশাসনিক জট কাটিয়ে এই ম্যাচ আয়োজনের অনুমতি মিলেছে, এবং ইতিমধ্যেই একাধিক নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
সূত্রের খবর, স্টেডিয়ামের প্রতিটি প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণে থাকবে এআই-চালিত নজরদারি। কোনও গেটে অতিরিক্ত ভিড় জমলেই তাৎক্ষণিকভাবে ওই অংশে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুনরায় গেট খোলা হবে। এর ফলে দর্শকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
কর্নাটক সরকারের এক শীর্ষ কর্তার দাবি, জরুরি পরিস্থিতি মোকাবিলায়ও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। স্টেডিয়ামের ভিতরে ও বাইরে মোট ৮টি অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে। পাশাপাশি দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার দ্রুত যাতায়াত নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে ‘গ্রিন করিডর’। নিকটবর্তী হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় ৩৫ হাজার দর্শকের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে ম্যাচ শুরুর তিন থেকে চার ঘণ্টা আগে খুলে দেওয়া হবে সমস্ত গেট। মহিলা ও শিশুদের জন্য থাকছে আলাদা প্রবেশব্যবস্থা। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মরশুমে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির পাঁচটি হোম ম্যাচ আয়োজনের কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও একটি প্লে-অফ এবং ফাইনালও বেঙ্গালুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের আইপিএল যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকেই এখন নজর প্রশাসনের।







