খেলাধুলা

গুরপ্রীতের হাত ধরে বাঁচল ভারত, আফগান ম্যাচে কোনমতে ড্র খালিদের দলের

ভারতের ফুটবল যেন দুই রূপের গল্প। তাজিকিস্তান ও ইরানের বিরুদ্ধে যেভাবে লড়াকু খেলা খেলেছিল খালিদ জামিলের দল, আফগানিস্তানের বিপক্ষে সেই ঝলক প্রায় উধাও। কাফা নেশনস কাপে গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র—ফলাফলে টিকে গেলেও পারফরম্যান্সে হতাশ করল নীলবাহিনী। শুরু থেকেই মনে হচ্ছিল খালিদের লক্ষ্য ছিল অন্তত ড্র পাওয়া, জেতার স্পৃহা নয়। তবুও গুরপ্রীত সিং সান্ধুর দুর্দান্ত গোলকিপিং ভারতকে বাঁচিয়ে দিল।

প্রথমার্ধে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আফগানদের হাতে। মুসাউয়ি, হানিফি, রহিমিদের গতিময় আক্রমণ ভারতীয় ডিফেন্সকে বারবার বিপদে ফেলছিল। মাঝেমধ্যে ইরফান ইয়াদওয়াদ সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাননি। একাধিকবার নিশ্চিত গোল রুখে ভারতকে ভাসিয়ে রাখেন গুরপ্রীত। খালিদের পরিকল্পনা বদলে ম্যান-টু-ম্যান মার্কিং আনার কৌশল বরং ভারতের ক্ষতিই বাড়াল। ফলে বিরতিতে গোলশূন্য অবস্থায় গেল দুই দল।

দ্বিতীয়ার্ধে বিক্রম প্রতাপ সিংয়ের আগমনে খানিক প্রাণ ফেরে আক্রমণে। তাঁর উপস্থিতিতে আফগান রক্ষণের উপর চাপ তৈরি হলেও সাফল্য আসেনি। আশিক কুরুনিয়ন ও বিক্রম কয়েকবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ৭০ মিনিটে আফগান ফরোয়ার্ড হানিফির শট বার থেকে ফিরে না এলে ফল অন্য রকম হত। ভাগ্যের জোরে সেখান থেকে রক্ষা পায় ভারত।

শেষ মুহূর্তে খালিদ ফারুখ ও উদান্তাকে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করেন। কিন্তু আফগানিস্তানের প্রবল আক্রমণ ঠেকিয়ে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। যদিও এই ড্র ভারতের নক আউট আশা বাঁচিয়ে রাখল, তবে ফুটবলের মান নিয়ে প্রশ্ন থাকছেই। গুরপ্রীত ও রক্ষণভাগই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে খালিদের দলের জন্য। এখন ইরান যদি তাজিকিস্তানকে হারায়, তবে নক আউটে জায়গা পাকাপাকি করবে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.