ইম্ফল/দিল্লি: মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে টালমাটাল মণিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে বিধানসভার ‘পুনরুজ্জীবন’ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন বিধানসভার স্পিকার ইয়ুমনান খেমচাঁদ সিংহ। বিজেপির দাবি, এই নেতৃত্ব বদলের মাধ্যমে রাজ্যে শান্তি ফেরানোর পথ খুলবে।
গত বছরের ৯ ফেব্রুয়ারি, টানা প্রায় ২১ মাস ধরে চলা হিংসার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ইস্তফা দেওয়ার পর ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্র। যদিও বিধানসভা ভেঙে না দিয়ে ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’-এ রাখা হয়েছিল, যাতে প্রয়োজন হলে নির্বাচিত সরকার ফের গঠন করা যায়।
খেমচাঁদ সিংহের নাম ঘোষণা হয় মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপি সদর দফতরে দলীয় বিধায়কদের বৈঠকের পরে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুগ এবং উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা সম্বিত পাত্র। সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা সেরেই আনুষ্ঠানিক ভাবে নতুন পরিষদীয় নেতার নাম জানানো হয়।
পশ্চিম ইম্ফল জেলার সিংজামেই বিধানসভা কেন্দ্র থেকে ২০১৭ ও ২০২২—পরপর দু’টি নির্বাচনে জয়ী খেমচাঁদ। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে মেইতেই জনগোষ্ঠীর দল ডেমোক্র্যাটিক রেভলিউশনারি পিপলস পার্টিতে। পরে কংগ্রেস, তৃণমূল হয়ে ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন তিনি। উল্লেখযোগ্য ভাবে, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে মাত্র ১৫৭ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছিলেন খেমচাঁদ। সে বার মণিপুরে সাতটি আসনে জিতে প্রধান বিরোধী দল হয়েছিল তৃণমূল কংগ্রেস।
৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বর্তমানে একটি আসন খালি। বিজেপির বিধায়ক সংখ্যা ৩৭—যার মধ্যে সাত জন কুকি-জ়ো জনগোষ্ঠীর। রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে সরকার গঠনের দাবিতে সরব ইম্ফল উপত্যকার এনডিএ বিধায়কেরা হলেও, পাহাড়ি এলাকার জ়ো-কুকি বিধায়কেরা প্রকাশ্যে তার বিরোধিতা করেছেন। তাঁদের একাংশ মেইতেই-প্রধান সরকারের অংশ হতে অস্বীকার করে পৃথক বিধানসভা-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিও তুলেছেন।
এই টানাপড়েনের মধ্যেই কুকি জনজাতির মহিলা বিধায়ক নেমচা কিপগেনকে উপমুখ্যমন্ত্রী করার সম্ভাবনার কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রাজনৈতিক মহলের মতে, এই সমীকরণের মাধ্যমে বিজেপি পাহাড় ও উপত্যকার বিভাজন সামাল দিয়ে মণিপুরে স্থিতাবস্থা ফেরাতে চাইছে।







