শুধু প্রতিভাই নয়, সাহস আর স্বাধীনচেতা মানসিকতাই বৈভব সূর্যবংশীকে ইতিহাসের পাতায় তুলে দিল। কোচের ধীর-স্থির খেলার বার্তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে উড়িয়ে দিয়ে ১৪ বছরের এই ভারতীয় তরুণ দাপুটে ব্যাটিংয়ে দেখাল, তার নিজস্ব পথেই সাফল্য সম্ভব। ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজের চতুর্থ এক দিনের ম্যাচে মাত্র ৫২ বলে শতরান করে বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিল বৈভব।
এজবাস্টনে বসে কিছুদিন আগেই শুভমন গিলের ধৈর্যশীল দ্বিশতরান দেখেছিল সে। অথচ নিজের ব্যাটে গিলের ছায়া নয়, দেখা গেল আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক। ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসে মারল ১০টি চার ও সাতটি বিশাল ছয়। স্ট্রাইক রেট প্রায় ২০০। এই ইনিংসে বৈভব একসঙ্গে দু’টি রেকর্ড গড়ল—যুব এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরান ও সর্বকনিষ্ঠ শতরানকারী। ২০২২ সালে কাসিম আক্রমের ৬৩ বলের রেকর্ড ভাঙল ১১ বল কমে। বয়স মাত্র ১৪ বছর ১০০ দিন!
শুরুর দিকে খানিকটা সময় নিয়েও ইংল্যান্ডের বোলিংকে ছিন্নভিন্ন করে দেয় বৈভব। স্পিন বা পেস—সবাইকে নাস্তানাবুদ করে সে পৌঁছে যায় তিন অঙ্কে। ব্যাটিংয়ের গতি ও সাহস ছিল চোখ ধাঁধানো। হেলমেট খুলে গ্যালারির অভিবাদনে সাড়া দেওয়ার দৃশ্য যেন ছোট কোনও ক্রিকেটারের নয়, ভবিষ্যতের এক সুপারস্টারকে দেখল বিশ্ব।
প্রথম তিন ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছিল বৈভব। শেষ পর্যন্ত চতুর্থ ম্যাচে পেল কাঙ্ক্ষিত শতরান। ভারতের ভবিষ্যৎ ক্রিকেট তারকা হিসেবে তার উত্থান যেন কেবল শুরু।







