জেলারাজনীতি

শুভেন্দুর অভিযোগ, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে কেন আমরা জিতব?” — পাল্টা তোপ তৃণমূলের, “সীমান্ত পাহারার দায়িত্ব অমিত শাহর মন্ত্রকের”

নিজস্ব সংবাদদাতা | নন্দীগ্রাম: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একাধিক কালীপুজো অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই বিষয়ে সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা শুধু রাজ্যে ঢুকেই পড়েননি, এখন ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছেন।

নন্দীগ্রামের এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন,

“আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে কিছু বলছি না। কিন্তু নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা মেয়েদের নাম আছে। এখানে এসে দ্বিতীয়, তৃতীয় বিয়ে করছে। ভারতীয়দের সম্পত্তি দখল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নন্দীগ্রাম তো সীমান্ত এলাকা নয়, তবুও ওরা ঢুকছে। এটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন?”

বিরোধী দলনেতার আরও দাবি, বিদেশি নাগরিকেরা রাজ্যের নির্বাচনে প্রভাব ফেলছেন। তাঁর প্রশ্ন,

“আমার রেশন কেন বিদেশি খাবে? আমার ভোট বিদেশি কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি বিধায়ক হব? কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন? ভারতীয়রা নিজেদের নেতৃত্ব বেছে নেবে। লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের।”

শুভেন্দুর মতে, “হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে হবে।”

এদিন রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি বলেন, “এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমাদের কাজ নজরদারি করা, চৌকিদারি করা।”

তবে শুভেন্দুর এই মন্তব্যের তীব্র পাল্টা দেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর কটাক্ষ,

“শুভেন্দু অধিকারী কিছুদিন ধরে একের পর এক এলোমেলো কথা বলছেন। বাংলাদেশ থেকে কেউ যদি অনুপ্রবেশ করে থাকে, সেটা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এসেছে। সীমান্ত পাহারার দায়িত্ব তো রাজ্যের নয়, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। তাহলে তো অমিত শাহর মন্ত্রকই ব্যর্থ।”

তিনি আরও বলেন, “নন্দীগ্রামে বাংলাদেশি ভোটার থাকার কথা শুভেন্দু একুশের নির্বাচনের সময় বলেননি। ছাব্বিশের ভোটের আগে বলছেন। এই সময়ের মধ্যে যদি বাংলাদেশ থেকে কেউ ঢুকে থাকে, তবে দায় তো সীমান্তরক্ষী বাহিনীর। অর্থাৎ কেন্দ্রের।”

বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বিজেপির অভিযোগ, রাজ্যে পরিকল্পিতভাবে বিদেশিদের ঢোকানো হচ্ছে ভোটের সমীকরণ বদলাতে; অন্যদিকে তৃণমূলের দাবি, এই অভিযোগ রাজ্যের বিরুদ্ধে নয়, বরং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই প্রকাশ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.