আবহাওয়া

লক্ষ্মীপুজোর পরেই কি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? বঙ্গোপসাগরে নজর, সতর্ক থাকতে হবে কোন এলাকার পর্যটকদের?

লক্ষ্মীপুজো মিটতেই কি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়? উত্তর-মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আবহাওয়ার নজরদারি। অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, এমনকী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়া বা তার সম্ভাব্য গতিপথ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা Weather Ultima-র ২২ অক্টোবরের বুলেটিন অনুযায়ী, তাইল্যান্ড উপসাগর ও তাইল্যান্ডের উপর দিয়ে এগিয়ে গত ৪৮ ঘণ্টায় সিস্টেমটি আন্দামান সাগরে প্রবেশ করেছে। আগামী ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সেটি আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। এরপর ২৪ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

**কোন উপকূলে যেতে পারে সিস্টেমটি?**

প্রাথমিক পূর্বাভাসে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে পরবর্তী সময়ে গতিপথ বদলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিস্টেমটির শক্তি, গতিপথ এবং উপকূলের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পরবর্তী আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে হবে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। ২৩ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে এবং ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সিস্টেমটি। তবে এই সময়সীমা ও সম্ভাব্য গতিপথ পরিবর্তিত হতে পারে।

**সতর্ক থাকতে হবে আন্দামানের পর্যটকদের**

সিস্টেমটির সম্ভাব্য প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পর্যটক এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্রযাত্রা বা নৌ-ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার পরিস্থিতি যাচাই করা জরুরি।

এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই আতঙ্কিত না হয়ে পরবর্তী সরকারি পূর্বাভাসের দিকে নজর রাখাই বুদ্ধিমানের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.