IDBI ব্যাঙ্কের কৌশলগত পুনর্গঠন ও বিলগ্নিকরণ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি IDBI ব্যাঙ্কের কর্মীদের পাশে থাকার বার্তাও দেন তিনি।
তবে রাহুলের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, IDBI ব্যাঙ্কের কৌশলগত পুনর্গঠন প্রক্রিয়ায় সমস্ত নিয়ম ও নির্ধারিত পদ্ধতি মেনেই পদক্ষেপ করা হয়েছে। তাঁর কথায়, “IDBI ব্যাঙ্কের কৌশলগত পুনর্গঠনে সমস্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। গতকালই আমরা বিষয়টি স্পষ্ট করেছি।”
অর্থমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, ব্যাঙ্কের বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রের অবস্থানে কোনও পরিবর্তন নেই। অন্যদিকে, কর্মীদের স্বার্থ ও ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্তকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। ফলে IDBI ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক তরজা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।







