ক্রাইম

ছেলের খুনের বদলা নিতে যুবককে তুলে এনে মারধরের অভিযোগ, সোনারপুরে গ্রেপ্তার মা-সহ ৪

ছেলের খুনের বদলা নিতে এক যুবককে তুলে এনে মারধর করে খুনের অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সোনারপুর থানার কামরাবাদে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম গোপাল হালদার। ঘটনায় লাল্টু হাজরার দুই ভাই, তাঁর মা এবং গোপালের ছবি তুলে পাঠানো এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে আম্বেদকর নগরের হাজরা পরিবারের বড় ছেলে লাল্টু হাজরা খুন হন। সেই মামলায় গোপাল হালদারকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।

বাইক খারাপ, তারপরই বদলে গেল পরিস্থিতি

বৃহস্পতিবার রাতে গোপাল তাঁর দুই সঙ্গীকে নিয়ে কামরাবাদের আম্বেদকর নগর এলাকার কাছে যাচ্ছিলেন। পথে বাইক খারাপ হয়ে গেলে স্থানীয় একটি গ্যারাজে সেটি সারাতে নিয়ে যান তাঁরা। সেই সময় এক যুবক গোপালের ছবি তোলেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, ওই ছবি পল্টু নামে এক ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।

এর কিছুক্ষণ পর কয়েকজন সেখানে এসে গোপালকে সঙ্গে করে নিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর দুই সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গোপালকে লাল্টু হাজরার বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়।

বাড়ির সামনে বচসা, তারপর মারধরের অভিযোগ

পুলিশের তদন্ত অনুযায়ী, সেখানে লাল্টুর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। লাল্টুর বাবা কেবো হাজরার অভিযোগ, গোপাল তাঁর হাত মুচড়ে দেন এবং বাড়িতে ঢুকে হামলার চেষ্টা করেন। এরপর চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা জড়ো হন।

অভিযোগ, এরপর লাল্টুর দুই ভাই পল্টু ও পিন্টু এবং তাঁদের মা-সহ কয়েকজন গোপালকে মারধর করেন। মাথায় গুরুতর আঘাত লাগার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার তদন্তে নেমে লাল্টুর দুই ভাই ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোপালের ছবি তুলে অন্যদের পাঠিয়েছিলেন যে যুবক, তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিশোধের তত্ত্ব খতিয়ে দেখছে পুলিশ

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, লাল্টু হাজরা খুনের ঘটনার প্রতিশোধ নিতেই গোপালকে ডেকে এনে মারধর করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং খুনের ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, গোপালের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং থানার রেকর্ডে তিনি হিস্ট্রি-শিটার হিসেবে চিহ্নিত। তবে তাঁর বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগের সঙ্গে বৃহস্পতিবারের খুনের ঘটনার সম্পর্ক কী, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.