ক্রাইমদেশ

শৈশবের হিংস্র পাঠ! সহপাঠীকে পাথর দিয়ে আঘাত করে উদাসীন অভিযুক্ত বালক, প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা

হরিয়ানার পঞ্চকুলার ‘সংস্কৃতি মডেল স্কুলে’ (গত ২৮শে অক্টোবর) ঘটে গেল এক নজিরবিহীন ও হাড়হিম করা ঘটনা, যা ‘সংস্কৃতি’ শব্দের গাম্ভীর্যকে এক মস্ত বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ক্লাসে উত্ত্যক্ত করার প্রতিবাদে নার্সারির এক ৬ বছরের একরত্তি মেয়ে যখন শিক্ষিকার কাছে নালিশ করার কথা বলে, ঠিক তখনই নালিশের ভয়ে ‘হিংসার চাল’ চালল তৃতীয় শ্রেণির এক ৮ বছর বয়সী ছাত্র। বর্তমানে চণ্ডীগড়ের পিজিআই (PGI) হাসপাতালের আইসিইউ-তে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই নিষ্পাপ শৈশব।
স্কুলের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়া দেড় মিনিটের এক ভয়ঙ্কর দৃশ্যে দেখা গেছে, ওই বালকটি শিশুটিকে জোর করে একটি শূন্য ক্লাসরুমে টেনে নিয়ে যায়। সেখানে বেঞ্চের সাথে তার মাথা দু’বার ঠুকে মাটিতে ফেলে দেওয়ার পর এলোপাথাড়ি লাথি মারা হয়। এখানেই শেষ নয়, রক্তপিপাসু আচরণের চরম সীমায় পৌঁছে মাটিতে পড়ে থাকা অচৈতন্য শিশুটির মাথায় ও শরীরে ভারী পাথর এবং ফুলের টব দিয়ে বারবার আঘাত করে সে। স্কুল ছুটির পর অভিযুক্ত ছাত্রটি কোনো অনুশোচনা ছাড়াই অত্যন্ত উদাসীন ভঙ্গিতে শিশুটির বাবা-মায়ের সামনে গিয়ে বলে, “আপনার মেয়ে ওখানে পড়ে আছে।”
আক্রান্ত শিশুর কাকার দাবি, ওই বালকের পূর্বেও পশুপাখির প্রতি ঢিল ছোঁড়ার মতো এক উগ্র ও হিংস্র আচরণের ইতিহাস রয়েছে। স্কুলের অভ্যন্তরে ছোট পড়ুয়াদের সুরক্ষায় এত বড় গাফিলতি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হরিয়ানার শিক্ষামন্ত্রী মহীপাল ধান্দা ইতিমধ্যেই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছেন এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি অ্যাকশনের আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.