ক্রাইম

লুঠের ছক সাজিয়ে ভাইকে খুন? বাগুইআটি-কাণ্ডে গ্রেফতার নিহতের দাদা, পুলিশের তদন্তে চাঞ্চল্যকর দাবি

বাগুইআটির রঘুনাথপুরে অসুস্থ যুবক খুন ও বাড়িতে লুঠের ঘটনায় বড়সড় মোড়। নিহত বলরাম রাজবংশীর দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে খুন ও লুঠপাট চালিয়েছে—এমন একটি পরিস্থিতি তৈরি করতেই পরিকল্পনা করে ভাইকে খুন করা হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, জেরায় কৃষ্ণের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা পোষ্য কুকুরের আচরণও তদন্তকারীদের সন্দেহ বাড়ায়। পুলিশের যুক্তি, অপরিচিত কেউ বাড়িতে ঢুকলে সাধারণত কুকুরের প্রতিক্রিয়া হওয়ার কথা। কিন্তু ঘটনার সময় তেমন কোনও আওয়াজ বা চিৎকার শোনা যায়নি বলে তদন্তকারীদের দাবি। এরপরই নিহতের দাদাকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়।

সম্পত্তি ও চিকিৎসার খরচ—দুই কারণের দাবি পুলিশের

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন অসুস্থ থাকা বলরামের চিকিৎসা ও অন্যান্য খরচ নিয়ে পরিবারের মধ্যে চাপ তৈরি হয়েছিল। এর পাশাপাশি সম্পত্তি নিয়েও বিবাদ ছিল বলে পুলিশের দাবি। এই দুই বিষয়কে সামনে রেখেই খুনের পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের আরও দাবি, খুনের পর বাড়ির আলমারি ভেঙে গয়না লুঠের চেহারা তৈরি করা হয়। যাতে ঘটনাটি বাইরে থেকে আসা দুষ্কৃতীদের কাজ বলে মনে হয়। তবে ঘটনার সম্পূর্ণ ছবি স্পষ্ট করতে ধৃত কৃষ্ণকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘরের ভিতর রক্তাক্ত দেহ, ছড়িয়ে-ছিটিয়ে গয়নার বাক্স

রঘুনাথপুরের সরকার বাগান এলাকায় বাড়ির ভিতর থেকেই বলরামের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তাঁর বয়স ২৮ বছর। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং গয়নার বাক্স-সহ বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রায় ১০ লক্ষ টাকার বেশি গয়না লুঠ হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য সূত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের দাদাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃত কৃষ্ণ রাজবংশীকে সোমবার বারাসত আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে খুনের পরিকল্পনা, ঘটনার পদ্ধতি এবং লুঠের গোটা বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.