তৃণমূল কর্মীকে নৃশংসভাবে হত্যা ! প্রথমে পরপর গুলি , তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ । বসিরহাটে , তৃণমূল কর্মী আনার মোল্লাকে খুন করা হয়েছে বলে খবর । তার খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । কি কারণে , কারা এই খুন করেছে , তদন্তে বসিরহাট থানার পুলিশ ।
জানা গিয়েছে , সোমবার রাত প্রায় ৯ টার সময়ের ঘটনা । আনার মোল্লার বাড়ির অদূরেই মোটরবাইকে চাপা একদল দুষ্কৃতী আনার মোল্লাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । গুলি বিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ২৮ বছর বয়সী ওই তৃণমূল কর্মী । কিন্তু তাতেও থামেননি দুষ্কৃতীরা । অভিযোগ , আনারের মৃত্যু নিশ্চিত করতে , ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে , তড়িঘড়ি তাকে উদ্ধার করে বসিরহাট স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে , কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
জমি সংক্রান্ত বিবাদের জেরেই আনার মোল্লাকে খুন করা হয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এবিষয়ে তদন্তে নেমেছে পুলিশ । কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।
উল্লেখ্য, আনার মোল্লার খুনের বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, “হয়ত দেখা যাবে উনিও জমি মাফিয়া ছিলেন।” তিনিও জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে অনুমান করছেন।







