শীতের আমেজ এখনও পুরোপুরি পড়েনি, তবে বাজারে ইতিমধ্যেই দেখা মিলছে শীতের নানা সব্জির। টাটকা মেথিশাক, কড়াইশুঁটি আর ধনেপাতার হাতছানি এড়ানো বেশ কঠিন। এই মরশুমি উপকরণ দিয়েই দুপুরের বা রাতের খাবারে আনতে পারেন নতুন স্বাদ। বানিয়ে ফেলুন উত্তর ভারতীয় ধাঁচের জনপ্রিয় পদ মেথি মালাই মটর। মেথিশাকের হালকা তেতো স্বাদ, কড়াইশুঁটির মিষ্টত্ব আর মালাইয়ের মোলায়েম স্বাদ একসঙ্গে মিশে তৈরি হবে অসাধারণ একটি পদ। রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে জমে যাবে এই রান্না।
**কী কী উপকরণ লাগবে?**
– মেথিশাক ১ আঁটি
– সেদ্ধ কড়াইশুঁটি ২ কাপ
– ফ্রেশ ক্রিম ২-৩ টেবিল চামচ
– ঘি ৪ টেবিল চামচ
– তেজপাতা ১টি
– এলাচ ৪-৫টি
– লবঙ্গ ৪-৫টি
– গোলমরিচ ৭-৮টি
– রসুন ৮-১০ কোয়া
– আদাকুচি ১ ইঞ্চি
– কাঁচালঙ্কা ৪-৫টি
– চারমগজ ২-৩ টেবিল চামচ
– কাজুবাদাম ১০-১২টি
– পেঁয়াজ কুচি ৩টি
– জিরে ১ টেবিল চামচ
– ধনেপাতা কুচি ২-৩ টেবিল চামচ
– স্বাদমতো নুন
**কীভাবে বানাবেন মেথি মালাই মটর?**
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচ, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। এরপর রসুন, আদাকুচি ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। এবার চারমগজ ও কাজুবাদাম দিয়ে আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মিশ্রণটি ঠান্ডা করে মিক্সারে মিহি পেস্ট তৈরি করে নিন।
এবার অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। তাতে পরিষ্কার করে কুচিয়ে রাখা মেথিশাক দিয়ে সামান্য নুন মিশিয়ে ভালো করে ভেজে নিন। মেথিশাকের কাঁচা ভাব চলে এলে সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
এরপর আগে থেকে তৈরি করে রাখা কাজু-পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। গ্রেভি ঘন হয়ে তেল ছাড়তে শুরু করলে চেরা কাঁচালঙ্কা ও ফ্রেশ ক্রিম দিয়ে দিন। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও এক মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন।
**ব্যস, তৈরি রেস্তরাঁর স্বাদের মেথি মালাই মটর!** গরম গরম রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে পরিবেশন করুন। বাড়ির সাধারণ খাবারেও চলে আসবে রেস্তরাঁর মতো স্বাদ।







