দেশ

‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে আজ দিল্লিতে বিরোধীদের মহাসমাবেশ, থাকছেন মমতা-রাহুল-অখিলেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই আজ, রবিবার দিল্লির রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে নামছে বিরোধী INDIA জোট। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা।

ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে তারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে তাঁকে ঘিরে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচির পর রবিবারের সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

কংগ্রেসের দাবি, এই সমাবেশ শুধু কোনও একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার বৃহত্তর আন্দোলন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, ভোট চুরির কোনও ঘটনা ঘটছে না। বরং মানুষ বিরোধীদের প্রত্যাখ্যান করছেন।

এই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ বিরোধী নেতারা। মমতা ও সিপিএম নেতৃত্বের একই কর্মসূচিতে অংশগ্রহণ ঘিরে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের রাজনৈতিক সমীকরণ নিয়ে কটাক্ষ করেছেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও সিপিএম নেতৃত্বও।

এদিকে, সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। চার হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে প্রায় ২৫০টি সিসিটিভি ক্যামেরা। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশও রাস্তায় থাকবে। রবিবার নির্বাচন কমিশনের সদর দফতর-সহ নয়াদিল্লির কয়েকটি এলাকায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

সব মিলিয়ে জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের এই সমাবেশ জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.