রাজ্যস্বাস্থ্য

রাজ্যজুড়ে ফের বাড়ছে ডেঙ্গির দাপট, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যজুড়ে ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে শত শত মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা এবং সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ আরও জোরদার করতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য দফতরের আধিকারিক, পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা এবং কলকাতা ও হাওড়া পুরসভার প্রতিনিধিরা। জমা জল পরিষ্কার এবং মশার বংশবিস্তার ঠেকাতে সমন্বিত পদক্ষেপের লক্ষ্যে সেচ, পরিবহন ও রেল দফতরের শীর্ষ আধিকারিকদেরও বৈঠকে ডাকা হয়েছে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই ডেঙ্গির সংক্রমণ বেড়েছে। গত সাত দিনে ডেঙ্গির বিভিন্ন উপসর্গ নিয়ে প্রায় ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। আক্রান্তের নিরিখে জলপাইগুড়ির মাল, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ ও ২ নম্বর ব্লক, নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লক ও চাকদহ, পূর্ব বর্ধমানের ভাতার ও পূর্বস্থলী ১ নম্বর ব্লক এবং মুর্শিদাবাদের জলঙ্গি ও রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লক সবচেয়ে বেশি প্রভাবিত।

গত বছরও সরকারি হিসাবে রাজ্যে ডেঙ্গিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে বিরোধী দলগুলির তরফে অভিযোগ করা হত, ডেঙ্গিতে মৃত্যু হলেও অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে সেই কারণ উল্লেখ করতে বাধা দেওয়া হত। নতুন সরকারের আমলে স্বাস্থ্য ভবনের এই বৈঠকের পর ডেঙ্গি মোকাবিলায় পুরসভা ও স্বাস্থ্য দফতর কী ধরনের কড়া ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর।

তবে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৭। ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা কমে হয়েছে ৩২৭। সাধারণত এক বছরের তুলনায় পরের বছরে ডেঙ্গি আক্রান্তের হার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে যায়। কিন্তু এ বছর সেই পতনের হার মাত্র ১৫ শতাংশে সীমাবদ্ধ থাকায় উদ্বেগে বিশেষজ্ঞ মহল।

মৃত্যুর হিসাব নিয়েও রয়েছে কিছু পার্থক্য। চলতি বছরে ডেঙ্গিতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও স্বাস্থ্য দফতরের ডেথ রিভিউ কমিটির পর্যালোচনায় ৭ জনের মৃত্যুর ক্ষেত্রে ডেঙ্গিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩ জন ডেঙ্গি পজিটিভ ছিলেন ঠিকই, তবে তাঁদের মৃত্যুর পিছনে অন্যান্য শারীরিক জটিলতা ছিল বলে জানানো হয়েছে। অবশ্য গত দু’বছরের তুলনায় এ বছর ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা কম। ২০২৫ সালে মৃত্যু হয়েছিল ১৯ জনের, আর ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ৩১।

ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও কড়া অবস্থানের কথা জানিয়েছেন। শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন জায়গায় তৈরি করা অব্যবহৃত ‘পদ্ম পুল’ বা কৃত্রিম জলাশয় নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় ওই জলাশয়গুলিতে মশার লার্ভা জন্মাচ্ছে। তাঁর বক্তব্য, সেখানে পদ্ম ফুটতে বা মাছ দেখা না গেলেও জল জমে গিয়ে তা ডেঙ্গির মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। তাই ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এমন ব্যবস্থা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.