বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বৃহৎ রদবদল! সর্বভারতীয় সহ-সভাপতির তালিকা থেকে নাম বাদ এবার দিলীপ ঘোষের। শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শীর্ষ সংগঠকদের একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে, সর্বভারতীয় সহ-সভাপতির তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নিয়ে আসা হতে পারে দিলীপকে, এও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দলের সর্বভারতীয় সহ-সভাপতি হওয়ার পূর্বে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে তাঁকে জাতীয় রাজনীতিতে জায়গা করে দেয় বিজেপি। একুশ সাল থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদে ছিলেন খড়্গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে, দিলীপ ঘোষকে বারংবার বেসামাল মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি চুপ করেননি। বরং বারবার তিনি বিতর্কিত কথা বলেছেন। যার দরুন বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে।
নাড্ডার ঘোষিত নয়া সর্বভারতীয় কমিটিতে বেশ কয়েক জন সাংসদ রয়েছেন। সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন আরও তিন জন সাংসদ। ছত্তিশগড়ের সরোজ পাণ্ডে, উত্তরপ্রদেশের রেখা বর্মা, লক্ষ্মীকান্ত বাজপেয়ী। দিলীপকে সরিয়ে দেওয়ার ফলে এখন বিজেপির সর্বভারতীয় কমিটিতে বাংলার প্রতিনিধি রইলেন বর্তমানে অনুপম হাজরা।







