জেলা

অনলাইন গেমের নেশায় ঘরছাড়া! পরিবারের বকুনির পর থেকে নিখোঁজ ১৪ বছরের কিশোর, উদ্বেগে হুগলির পরিবার

হুগলির মগরায় এক ১৪ বছরের কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি এবং তা নিয়ে বাড়িতে বকাবকির পরই অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

নিখোঁজ কিশোরের নাম সৌনিক দাস। সে মগরা থানার শিবপুর নারায়ণীপল্লী এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৮ জুলাই শনিবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ সৌনিক বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই তার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অনলাইন গেমের প্রতি সৌনিকের আসক্তি অনেকটাই বেড়ে গিয়েছিল। তার প্রভাব পড়ছিল পড়াশোনাতেও। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে বকাঝকা করা হয়েছিল। এরপরই অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলে পরিবারের ধারণা।

নিখোঁজের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও কোনও হদিস না মেলায় পরিবারের পক্ষ থেকে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

তদন্তে নেমে পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পরিবারের দাবি, শেষবার এক পরিচিত ব্যক্তি সৌনিককে ত্রিবেণী রেলস্টেশন সংলগ্ন এলাকায় দেখতে পেয়েছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছলেও তার আর কোনও সন্ধান মেলেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে উঠে এসেছে কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন গেমের অতিরিক্ত আসক্তির বিষয়টি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে অনলাইন গেমে ডুবে থাকার ফলে মানসিক চাপ, পড়াশোনায় অমনোযোগ এবং পারিবারিক দূরত্ব তৈরি হতে পারে। তাই অভিভাবকদেরও সচেতন থাকার পাশাপাশি সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.