রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পূর্বতন তৃণমূল সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে। হুগলির পরশুড়ায় আয়োজিত এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে ৫০ লক্ষেরও বেশি নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কর্মসূচি রয়েছে। পাশাপাশি আলুচাষিদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের কৃষকরা।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের আওতায় দুটি কিস্তিতে মোট ৪ হাজার টাকা পেয়েছেন কৃষকরা। প্রকল্পের বাকি ২ হাজার টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরশুড়ার সভা থেকেই সেই অর্থ কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সভাকে ঘিরে কৃষকদের মধ্যেও উৎসাহ তুঙ্গে।
তবে সাম্প্রতিক বছরগুলিতে আলুচাষ করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের বহু কৃষক। এখনও অনেকের আলু হিমঘরে মজুত রয়েছে। উপযুক্ত দাম না মেলায় হিমঘরে আলু সংরক্ষণের খরচ বহন করতেও হিমশিম খাচ্ছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলুচাষিদের দুর্দশা কাটাতে মুখ্যমন্ত্রী কী ধরনের বিশেষ প্যাকেজ ঘোষণা করেন, তা জানার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এদিকে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন ঘিরে পরশুড়ায় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। মূল মঞ্চের সামনে তৈরি করা হয়েছে তিনটি শেড। প্রশাসন সূত্রে খবর, হুগলির বিভিন্ন প্রান্ত থেকে বহু কৃষক ও সাধারণ মানুষ এই সভায় উপস্থিত হবেন। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য প্রশাসনের তরফে কয়েকশো বাসের ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে রাখা হচ্ছে প্রায় ৪০ হাজার চেয়ার। নিরাপত্তার দিকটিও বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সভাস্থল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এই প্রসঙ্গে পরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, হুগলি মূলত কৃষিপ্রধান এলাকা। আলুচাষিদের সমস্যা নিয়ে কী কী পদক্ষেপ করা যেতে পারে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য চেয়েছিলেন। সেই মতো প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন, সেদিকেই নজর রয়েছে সকলের। বিধায়কের দাবি, শুধু আলুচাষিদের জন্যই নয়, সামগ্রিকভাবে কৃষকদের স্বার্থে বড় কোনও ঘোষণা আসতে পারে। ফলে পরশুড়ার সভাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে কৃষক মহলে।







