রাজ্য

আলুর দাম না মিললেই চাষিদের পাশে সরকার! প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি, পুরশুড়া থেকে বড় ঘোষণা শুভেন্দুর

আলুর বাজারদর নিয়ে চিন্তায় থাকতে হবে না রাজ্যের চাষিদের। ফসলের ন্যায্য দাম না পেলে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে আলু চাষিদের জন্য একাধিক সুবিধা ও আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আলু পরিবহণ, কৃষিবিমা এবং কোল্ড স্টোরেজের পরিকাঠামো উন্নয়ন নিয়েও একগুচ্ছ পদক্ষেপের কথা জানান তিনি।

এদিনের সভা থেকে আগের তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু চাষিরা ন্যায্য দাম পাননি। সারের কালোবাজারি হয়েছে, এমনকি ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছে কৃষকদের। তবে এবার থেকে আলুবোঝাই কোনও গাড়ি সীমান্তে আটকানো হবে না বলে আশ্বাস দেন তিনি। বাজারে আলুর দাম নির্দিষ্ট সীমার নীচে নেমে গেলেও চাষিদের ভর্তুকি দেওয়া হবে বলে জানান শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর ঘোষণায় রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আলু চাষিদের আনার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এবার থেকে কৃষকদের বিমার প্রিমিয়াম দিতে হবে না, সেই টাকা দেবে সরকার। পাশাপাশি গাড়ি বা রেলে আলু পরিবহণের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে।

শুভেন্দু জানান, প্রতি কুইন্টাল আলুর ফ্রি বন্ড মূল্য ১১২০ টাকার নীচে নেমে গেলে কৃষকদের আর্থিক সহায়তা করবে রাজ্য। সুফল বাংলার পরিসর বাড়াতে নতুন করে ৫৫০টি পোর্টেবল স্ট্যাটিক আউটলেট চালুর পরিকল্পনাও রয়েছে। সেখানে ন্যায্যমূল্যে আলু কেনার ব্যবস্থা করা হবে। উন্নত করা হবে কোল্ড স্টোরেজগুলির পরিকাঠামোও।

এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। আংশিক ক্ষতির ক্ষেত্রে ৯০ হাজার এবং সামান্য ক্ষতির জন্য ৪০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি মালদহের বন্যাবিধ্বস্ত ভূতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষককে বীজ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে আলু চাষিদের আর্থিক সুরক্ষা এবং কৃষি পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখেই একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.