মা চলে গিয়েছেন বহু বছর আগে। কিন্তু তাঁর স্মৃতি আজও আগলে রেখেছেন ছেলে। মায়ের সঙ্গে যেন চিরকাল একসঙ্গেই থাকতে পারেন, সেই ইচ্ছা থেকেই জীবিত অবস্থায় মায়ের কবরের পাশেই নিজের জন্য কবর খুঁড়ে রেখেছেন বিহারের এক ব্যক্তি। শুধু তাই নয়, আগেভাগেই কিনে রেখেছেন নিজের কাফনের কাপড়ও। মায়ের প্রতি গভীর টানের এই ব্যতিক্রমী কাহিনি ঘিরে এলাকায় তৈরি হয়েছে আলোচনা।
বিহারের গোপালগঞ্জ জেলার বরৌলি ব্লকের বলহা গ্রামের বাসিন্দা মনজুর হাসান। তাঁর মা শাহ শাহরবানো হাসনি ১৯৯৯ সালের জুন মাসে প্রয়াত হন। মায়ের সঙ্গে মনজুরের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। ছোটবেলা থেকে জীবনের নানা কঠিন সময়ে মায়ের সঙ্গকেই সবচেয়ে বড় ভরসা বলে মনে করতেন তিনি। মাকে হারানোর পর সেই আশ্রয় হারানোর শূন্যতা আজও কাটিয়ে উঠতে পারেননি মনজুর।
মায়ের স্মৃতি ধরে রাখতে দীর্ঘদিন ধরেই তাঁর কবরের দেখভাল করেন তিনি। নিয়মিত সেখানে যান, পরিষ্কার রাখেন কবরের চারপাশ। এবার সেই কবরের পাশেই নিজের জন্য জায়গা তৈরি করে রেখেছেন মনজুর। তাঁর ইচ্ছা, মৃত্যুর পরেও যেন মায়ের কাছেই থাকতে পারেন।
মনজুর নিজের কাফনের কাপড়ও কিনে রেখেছেন। সবুজ রং তাঁর পছন্দের হওয়ায় সেই রঙের কাপড়ই বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
মনজুরের এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর কাছে বিষয়টি কোনও প্রদর্শন নয়, বরং মায়ের প্রতি দীর্ঘদিনের ভালবাসা ও শ্রদ্ধার প্রকাশ। জীবনের শুরুতে যাঁর স্নেহে বড় হয়ে ওঠা, জীবনের শেষ ঠিকানাতেও তাঁর পাশেই থাকার ইচ্ছা মনজুরের।







