বিএসএফের জালে দুই বাংলাদেশী নাগরিক । সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশের কালিন্দী নদী পার হয়ে ভারতে প্রবেশ করার সময় , বিএসএফের হাতে আটক হন তারা । হেমনগর থানার পুলিশের তরফে , ওই দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতারও করা হয়েছে । জানা গিয়েছে, ধৃতদের নাম মোহম্মদ সুরমান হোসেন গাজি ও আজিজুল ইসলাম । ধৃতরা দুজনেই বাংলাদেশের সাতক্ষীরা এলাকার বাসিন্দা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , রাতের অন্ধকারে এই দুই বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করছিল । সেই সময়ই কর্তব্যরত বিএসএফ জাওয়ানদের হাতে আটক হন তারা । তারপর তাদের হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । হেমনগর থানার পুলিশ , তাদের গ্রেফতার করে, আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা সাঁতার কেটে নদী পেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিলেন , তা এখনো জানা যায়নি । সমস্ত কিছু খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী।







