নিশানা এ বার ভারত! মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে বিনিয়োগ নয়, বরং ঘরোয়া কর্মসংস্থানে জোর এই বার্তাই তিনি স্পষ্ট করে দিয়েছেন সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত এক বৈঠকে।
ট্রাম্পের কটাক্ষ, “আমাদের দেশের প্রযুক্তি সংস্থাগুলি চিনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিয়োগ করছে আর বিপুল মুনাফা তুলে নিচ্ছে। অথচ সেই লাভের বড় অংশ সঞ্চয় করছে দেশের বাইরেই। এটা আর চলবে না।”
তাঁর বক্তব্য, গুগ্ল কিংবা মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলিকে এবার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। দেশপ্রেম এবং ঘরোয়া কর্মসংস্থান প্রসারের পক্ষে সওয়াল করেন তিনি। প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে ‘বিশ্বায়ন’ এর যে প্রবণতা দেখা যাচ্ছে, তার ফলে মার্কিন কর্মীদের জন্য সমস্যা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন সভা থেকে তিনটি নতুন নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যার মূল উদ্দেশ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকাকে এগিয়ে রাখা এবং ঘরোয়া প্রযুক্তি খাতে নিয়োগে গতি আনা।
ট্রাম্পের এই মন্তব্যের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে তথ্যপ্রযুক্তি জগতে। প্রশ্ন উঠছে তবে কি এবার মাইক্রোসফ্ট, গুগ্ল-সহ বড় বড় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে ভারতীয়দের জন্য কাজের দরজা কিছুটা হলেও বন্ধ হতে চলেছে? ভারত থেকে বহু দক্ষ প্রযুক্তিকর্মী এ পর্যন্ত ওই সংস্থাগুলিতে উচ্চ পদে কাজ করার সুযোগ পেয়েছেন। মোটা বেতন, সম্মান, বিলাসবহুল জীবন সবকিছু মিলিয়ে এ যেন বহু ভারতীয় তরুণের স্বপ্নের কর্মক্ষেত্র। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই স্বপ্নে আপাতত ধাক্কা লাগার আশঙ্কা থেকেই যাচ্ছে।







