রাজ্য বিধানসভায় এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থের বিষয় তুলে ধরেন বিধায়করা। কিন্তু এতদিন সেইসব দাবির নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যেত। এবার সেই পরিস্থিতির বদল আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিধায়কদের উত্থাপিত প্রতিটি দাবির নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রী জানান, উল্লেখ পর্বে বিধায়কদের তোলা সমস্ত দাবি স্পিকারের নির্দেশে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। এরপর ওই দপ্তর বিষয়টি খতিয়ে দেখে আরও সাত দিনের মধ্যে বিধানসভা বা সংশ্লিষ্ট বিধায়ককে জানাবে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাবি বাস্তবায়ন সম্ভব হলে তা করা হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে কেন সম্ভব নয়, সেই কারণও লিখিতভাবে জানাতে হবে। কোনও কাজ সম্পন্ন হতে অতিরিক্ত সময় লাগলে তার কারণও স্পষ্ট করতে হবে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার সচিবালয় যেন বিধায়কদের উত্থাপিত সব দাবির তালিকা মুখ্যমন্ত্রীর দফতরে তাঁর প্রাইভেট সেক্রেটারির কাছে পাঠায়। তিনি বিষয়গুলি পর্যবেক্ষণ করবেন এবং প্রতি তিন মাস অন্তর একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, বিধানসভা মানুষের সমস্যার সমাধানের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ, তাই সেখানে উত্থাপিত বিষয়গুলির যথাযথ অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার প্রশংসা করে ফিরহাদ হাকিম বলেন, তিনি অতীতেও বিধায়ক ছিলেন, কিন্তু বিধায়কদের উত্থাপিত বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই জবাবদিহির এমন ব্যবস্থা আগে কখনও দেখেননি। তাঁর মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। তাই তিনি এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখে বিধানসভার কার্যক্রম পরিচালনার কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিমের এই প্রশংসা সেই অবস্থানকেই আরও স্পষ্ট করে তুলল।







