গুজরাতের কান্দলা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। কিন্তু উড়ান শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল রীতিমতো শিহরণ জাগানো ঘটনা। রানওয়ে ছাড়ার পর বিমানটির একটি চাকা খুলে পড়ে যায় রানওয়ের ওপর।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। কান্দলা বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে দুপুর ২টো ৩৯ মিনিটে উড়ে যায় স্পাইসজেটের এসজি ২৯০৬ নম্বর ফ্লাইট। বিমান আকাশে উঠতেই টাওয়ার কন্ট্রোলারের নজরে আসে, রানওয়েতে গড়িয়ে পড়ছে একটি কালো বস্তু। দ্রুত বিমানবন্দর কর্মীদের সতর্ক করা হলে দেখা যায়, সেটি আসলে বিমানেরই একটি চাকা।
এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অবিলম্বে পাইলটকে খবর দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট জরুরি অবতরণের অনুমতি চান। যাত্রী ও ক্রুদের সুরক্ষার কথা মাথায় রেখে মুম্বই বিমানবন্দরে আগাম জরুরি ব্যবস্থা নেওয়া হয়।
অবিশ্বাস্য হলেও সত্যি, এক চাকা ছাড়াই বিমানটি শেষ পর্যন্ত মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ঘটনায় কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।







