রাজ্য

দীপাবলিতে সীমান্তে জওয়ানদের সঙ্গে শুভেন্দু, ২০২৭ থেকে চালু ‘সীমামিত্র সম্মান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই এবার দীপাবলির উৎসব সীমান্তরক্ষী জওয়ানদের সঙ্গে কাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশরক্ষার দায়িত্বে নিয়োজিত যে সমস্ত জওয়ান উৎসবের দিনেও পরিবার-পরিজন ছেড়ে সীমান্ত পাহারা দেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই রবিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি এদিন বড়সড় ঘোষণাও করেন তিনি। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ভালো কাজের স্বীকৃতি দিতে ২০২৭ সাল থেকে রাজ্য সরকারের তরফে চালু করা হবে ‘সীমামিত্র সম্মান’। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি বিএসএফ জওয়ানরা।

এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো তিনিও দীপাবলির দিন সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটাতে চান। সেই প্রতিশ্রুতি মতো রবিবার সকালে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে হাজির হন তিনি। সেখানে বিএসএফ আধিকারিকরা উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও জওয়ানদের জন্য নিয়ে গিয়েছিলেন প্রচুর মিষ্টি। নিজের হাতে তাঁদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি উপহার হিসেবে তুলে দেন দীপ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই অতীতের সরকারের ভূমিকার জন্য বিএসএফ জওয়ানদের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকার বিএসএফ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছিল এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দিতে সহযোগিতা করেনি। শুভেন্দুর কথায়, ক্ষমতায় আসার পর তাঁর সরকার সেই জমি হস্তান্তর করেছে। সীমান্তের নিরাপত্তা আরও মজবুত করতে প্রয়োজন হলে ভবিষ্যতেও অতিরিক্ত জমি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এরপরই জওয়ানদের সম্মান জানাতে নতুন পুরস্কার চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২০২৭ সাল থেকে দেওয়া হবে ‘সীমামিত্র সম্মান’। উল্লেখ্য, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সাহসিকতা ও বিশেষ কৃতিত্বের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিবছর বিভিন্ন পদক ও শংসাপত্র প্রদান করা হয়। এবার সেই আদলেই রাজ্য সরকারের উদ্যোগে সীমান্তরক্ষী জওয়ানদের জন্য বিশেষ সম্মান চালুর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.