রাজনীতি

‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ

কালীপুজোর রাতে শব্দবাজির দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ। আদালতের নির্দেশিকা থাকা সত্ত্বেও তা কার্যত উপেক্ষা করেই দেদার বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি, বাজি ফাটালে নাকি অসুখ-বিসুখ দূর হয়! স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। এবার সোশাল মিডিয়ায় ব্যঙ্গের সুরে পালটা জবাব দিলেন সঙ্গীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র।

সমাজমাধ্যমে পাপিয়ার মন্তব্যকে কটাক্ষ করে দেবজ্যোতি লেখেন, ‘আমাদের পাড়ার কুকুরটা খাটের নীচে লুকিয়ে রয়েছে। তাকে বোঝাতে গিয়েছিলাম, ভয় পাওয়ার কিছু নেই, আসলে তোর চিকিৎসা চলছে। কিন্তু সে কিছুতেই বুঝল না। শিক্ষার অভাব।’ এরপরই পাপিয়া অধিকারীর বাজি ফাটিয়ে রোগ সারানোর দাবি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘পাপিয়া অধিকারী জানিয়েছেন, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ সেরে যায়। কয়েকটা ছোটখাটো বিষয় শুধু জানা দরকার। কোন রোগের জন্য কত পটকা ফাটাতে হবে? খাওয়ার আগে, না পরে? বয়স্কদের ক্ষেত্রে কি অর্ধেক চকোলেট বোমা যথেষ্ট? আর যাঁদের হৃদ্‌যন্ত্র দুর্বল, তাঁদের চিকিৎসা কি একটু দূর থেকে করা সম্ভব?’

এখানেই থেমে থাকেননি দেবজ্যোতি। জলদূষণ রোধে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের আশ্বাসের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। এ নিয়ে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ‘সাফাইয়ের কাজ যেন বাস্তবেই হয়। জলের একটা সমস্যা রয়েছে, মাইক্রোফোনে আশ্বাস দিলেই জল পরিষ্কার হয়ে যায় না। তার জন্য আবর্জনা সরাতে হয়, কর্মী নিয়োগ করতে হয়, তাঁদের পারিশ্রমিক দিতে হয় এবং জলের গুণমান পরীক্ষা করতে হয়। এত বাস্তব কাজের মাঝে শুধুমাত্র একটি ঘোষণার অসহায় অবস্থা!’ তাঁর আরও বক্তব্য, মাছেদের কোনও জনসংযোগ ব্যবস্থা নেই। জলে দূষণ হলে তারা সাংবাদিক বৈঠক করতে পারে না। পাখি কিংবা কুকুরের পক্ষেও নিজেদের দাবি তুলে ধরা সম্ভব নয়।

জনপ্রিয় ব্যক্তিত্বদের দায়িত্ববোধের বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরেছেন সুরকার। দেবজ্যোতির কথায়, পরিচিত ও জনপ্রিয় মানুষের বক্তব্যের একটা প্রভাব থাকে। তাঁদের কথা শুনে কেউ আশ্বস্ত হন, কেউ সাহস পান, আবার কেউ নিজেদের দায়িত্বজ্ঞানহীন আচরণের যুক্তি খুঁজে নেন। তাই প্রকাশ্যে বক্তব্য রাখার সময় দায়িত্বশীল হওয়াও অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, শুধু দেবজ্যোতি মিশ্রই নন, কালীপুজোর রাতে শব্দবাজির দাপট এবং পরিবেশদূষণ নিয়ে সরব হয়েছেন আরও অনেকে। আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও কীভাবে এমন লাগামছাড়া শব্দতাণ্ডব চলল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.