আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করেছে কেন্দ্র! এবার সেই বিল পাশের লক্ষ্যেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে মোদি সরকার। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। উল্লেখ্য, সরকারি ভাবে এখনও শেষ ঘোষণা করা হয়নি সংসদের বাদল অধিবেশনের। অন্যদিকে, শীতকালীন অধিবেশনও প্রায় আসন্ন। এই পরিস্থিতিতে বিতর্কিত বিলটি পাশ করাতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র।
ইতিমধ্যেই ৮৮ দিন অতিক্রান্ত। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন। দেশের সংসদীয় ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনও অধিবেশন চলার নজির নেই। শুরু থেকেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। কেন অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না এবং এর পিছনে কেন্দ্রের কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী, তার তিন থেকে চার দিনের মধ্যেই অধিবেশন শেষ হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কেন্দ্র।
প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ, আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর লক্ষ্যেই বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। এবার সেই জল্পনাই বাস্তবের রূপ নিতে চলেছে বলে খবর। সূত্রের দাবি, প্রায় ছয় মাস ধরে একাধিক স্তরে আলোচনা ও তৎপরতার পর আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে পেরেছে সরকার।
ফলে এই বিল পাশ করানো নিয়ে এখন যথেষ্ট আত্মবিশ্বাসী মোদি সরকার। সেই লক্ষ্যেই দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী কয়েকদিনের মধ্যেই সংসদে উঠতে পারে বহুচর্চিত এই বিল।







