কেন্দ্র

১৫ থেকে এক লাফে ২১ হাজার,প্রভিডেন্ট ফান্ডের মজুরি সীমা বৃদ্ধিতে কী কী লাভের সম্ভাবনা? চলুন জানা যাক

প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র। বেসরকারি সংস্থায় চাকরিজীবীদের উপর পড়বে তার প্রভাব। সূত্রের খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) মজুর সীমা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদী সরকার। বেসরকারি সংস্থায় কর্মরতদের সামাজিক নিরাপত্তার উন্নতিকল্পে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।ইপিএফ নিয়ন্ত্রণ করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এটি কেন্দ্রের শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। বর্তমানে ইপিএফও নিয়ম অনুযায়ী বেসরকারি সংস্থার কোনও কর্মীর মূল বেতন (বেসিক পে)১৫ হাজার টাকা পর্যন্ত হলে তাঁকে বাধ্যতামূলক ভাবে পেনশন স্কিমের আওতায় আনতে হয়। সূত্রের খবর, আগামী দিনে এই নিয়মের বদল ঘটাতে চাইছে কেন্দ্র। পিএফের ক্ষেত্রে ন্যূনতম মজুরি ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
ইপিএফওর নিয়মে বলা আছে বেসরকারি সংস্থার এক জন চাকরিজীবীর মূল বেতনের (বেসিক পে) ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নিতে হবে। ওই টাকা ইপিএফওর তহবিলে জমা পড়বে।
অন্য দিকে, নিয়োগকারী সংস্থা যে টাকা জমা করবে, তার ৮.৩৩ শতাংশ পেনশন অ্যাকাউন্টে জমা পড়ে। বাকি ৩.৬৭ শতাংশ চলে যায় প্রভিডেন্ট ফান্ড তহবিলে। ইপিএফের উপর বছরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে কেন্দ্র। ২০২৩-‘২৪ অর্থবর্ষে এর পরিমাণ ৮.২৫ শতাংশ রেখেছে সরকার।
ইপিএফের এই সুদের হার পরিবর্তনশীল। ২০২১-‘২২ অর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। ঠিক তার পরের বছর (পড়ুন ২০২২-২৩) এই হার আরও কমে ৮.১ শতাংশে নেমে এসেছিল। যা চলতি আর্থিক বছরে ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের দাবি, মজুরি সীমা ২১ হাজার টাকা করলে বেসরকারি সংস্থার অধিকাংশ কর্মীকে পেনশন তহবিলের আওতায় আনা যাবে। এখনকার আইন অনুযায়ী, কোনও ব্যক্তির মূল বেতন (বেসিক পে) ১৫ হাজার টাকা ছাড়িয়ে গেলে তিনি পেনশন তহবিলে অর্থ জমা করতে পারবেন না। তাঁর বেতন থেকে যে টাকা কাটা হবে, তার পুরোটাই যাবে প্রভিডেন্ট ফান্ড তহবিলে। কিন্তু, মজুরি সীমা বাড়িয়ে ২১ হাজার করলে ১৫ হাজার টাকা বা তার বেশি বেসিক পে হলেও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট কর্মী পেনশন ফান্ডে টাকা জমাতে পারবেন। মূল বেতন ২১ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.