তিন সদস্যের ছোট্ট পরিবার , শুধু স্বামী , স্ত্রী ও সন্তান। সেই ছোট্ট পরিবারেই মেয়েকে খুনের অভিযোগ , মায়ের বিরুদ্ধে ! এতটা অমানবিক ঘটনা ! ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে , অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনা ব্যারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্যারাকপুর সেন্ট্রাল রোডের ডি রোডে বাড়ি ইন্দ্রজিৎ ঘোষ ও কবিতা ঘোষের। তাদের ১১ বছরের মেয়ে রাজন্যা ঘোষ। শহরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল সে। এদিন ইন্দ্রজিৎ ঘোষ দেখেন , বাড়ির একটি দরজা অনেক সময় ধরে বন্ধ রয়েছে। আসে পাশে দেখা যাচ্ছে না মা-মেয়েকেও। সন্দেহবশত তিনি বাড়ির ওই দরজা অনেক সময় ধরে ধাক্কা ধাক্কি করেও খুলতে না পেরে , প্রতিবেশীদের ডেকে আনেন। খবর দেন পুলিশেও।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশ এসে দরজা খুলতেই আশ্চর্য দৃশ্য। দরজা খুলতেই দেখা যায় , বিছানায় পরে রয়েছে ১১ বছরের মেয়ে। ততক্ষনে মারা গেছে সে। বিছানার পাশেই দাঁড়িয়ে রয়েছেন মা কবিতা। পুলিশের প্রাথমিক অনুমান , মা ই শ্বাসরোধ করে খুন করেছে মেয়েকে , কিন্তু কেন ? তা নিয়েই উঠছে প্রশ্ন। জানা গেছে , মানসিকভাবে সুস্থ ছিলেন না কবিতা ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







