রাজ্য

চিন্ময় প্রভুকে বন্দি রাখা মানে শ্রীচৈতন্যদেবকেই অস্বীকার করা, বাংলাদেশ সরকারকে বার্তা শমীকের

বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হলেও সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। মৌলবাদীদের আক্রমণের মুখে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার হিন্দুরা। মন্দিরে হামলা, দেবদেবীর মূর্তি ভাঙচুরের মতো ঘটনাও অব্যাহত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও দীর্ঘ আড়াই বছর ধরে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়ায় কোনও অগ্রগতি হয়নি। বরং তাঁকে এক জেল থেকে অন্য জেলে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের মধ্যে। এই পরিস্থিতিতে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকী, তাঁর কাজের সঙ্গে শ্রীচৈতন্যদেবের কর্মকাণ্ডের তুলনাও টানলেন তিনি।

ষোড়শ শতকে নবদ্বীপের শ্রীচৈতন্যদেব, যিনি নিমাই নামেও পরিচিত, তাঁর হাত ধরেই অবিভক্ত বাংলায় ভক্তি আন্দোলনের প্রসার ঘটে। কৃষ্ণভক্তির মধ্য দিয়ে তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, তা পরবর্তীকালে মানবপ্রেম ও অহিংসার দর্শনে পরিণত হয়। ধর্মীয় বিভেদ ভুলে সকলকে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার বার্তা দিয়েছিলেন তিনি। হিন্দুধর্মের উদার দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছিলেন বিশ্বদরবারে। পরবর্তীকালে নবদ্বীপ থেকেই ইসকনের মতো সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা পৌঁছে দেন ইসকনের সন্ন্যাসীরা।

বাংলাদেশেও একইভাবে সনাতন ধর্মের প্রচার ও শ্রীচৈতন্যদেবের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন সনাতন সংগঠনের প্রতিনিধি এবং ইসকনের সঙ্গে যুক্ত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই কারাবন্দি রয়েছেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সম্প্রতি তাঁকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামি লিগের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় হিংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে প্রশাসনের তরফে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, বিষয়টি আন্তর্জাতিক স্তরের। তবে বাংলাদেশে বসবাসকারী ঘোষ, বোস, মিত্র, চাকমা ও মতুয়ারা তাঁদেরই আত্মীয়। তাঁদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে। বর্তমানে তাঁরা বিপন্ন অবস্থায় রয়েছেন। সেখানে ধর্মাচরণে বাধা, মন্দিরে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। অবিলম্বে এই সমস্ত ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন।

এরপরই চিন্ময় প্রভুর প্রসঙ্গ তুলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে একজন হিন্দু সন্ন্যাসীকে জেলে আটকে রাখা হয়েছে। চিন্ময় প্রভু শ্রীচৈতন্যদেবের আদর্শ ও কর্মকাণ্ডকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁকে অস্বীকার করার অর্থ কার্যত শ্রীচৈতন্যদেবকেই অস্বীকার করা। তাই অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি নিশ্চিত করা উচিত বলে দাবি জানিয়েছেন শমীক। তাঁর দ্রুত মুক্তিই এখন কাম্য বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.